© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কক্সবাজারে পশুর হাটে জাল টাকা-ছিনতাই ঠেকাতে র‍্যাবের কড়া অবস্থান

শেয়ার করুন:
কক্সবাজারে পশুর হাটে জাল টাকা-ছিনতাই ঠেকাতে র‍্যাবের কড়া অবস্থান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৯ এএম | ২৬ মে, ২০২৬
কক্সবাজারে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কেরবানি পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতা ও ঘরমুখো মানুষের নিরাপত্তায় মাঠে তৎপরতা অব্যাহত রেখেছে র‌্যাব। পাশাপাশি সড়কে নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ ও পশুর হাটে টাকার জাল নোট শনাক্তকরণে নানা ব্যবস্থাও নেয়া হয়েছে।

সোমবার (২৫ মে) দুপুরে রামু উপজেলার কলঘর বাজার এলাকায় কোরবানি পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান।

এর আগে, সকালে র‌্যাব সদস্যরা কক্সবাজার শহর ও আশাপাশের বিভিন্ন এলাকায় কোরবানি পশুর হাট পরিদর্শন করেন। পরে দুপুরে রামু উপজেলার কলঘর বাজার সংলগ্ন পশুর হাট র‌্যাবের ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে র্যাব সদস্যরা পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে তিনি পশুর হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, যানজট নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জাল টাকা সনাক্তকরণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে লে. কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঈদকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে র‌্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। হাটের নিরাপত্তা এবং ক্রেতা-বিক্রেতাদের নিশ্চিন্তে লেনদেন নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। হাট এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, জাল টাকার কারবার, অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা রুখতে পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। পোষাকধারীদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ব্যাপক হারে বাড়ানো হয়েছে।’

তিনি আরও উল্লেখ করেন, পশুবাহী যানবাহনের নির্বিঘ্ন চলাচল এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলোর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় রক্ষা করে মাঠ পর্যায়ে র‌্যাব তৎপরতা অব্যাহত রেখেছে।

এসকে/টিএ

মন্তব্য করুন