স্পেনের বিশ্বকাপ দল থেকে বাদ পড়ে রিয়াল তারকার ইঙ্গিতপূর্ণ পোস্ট
ছবি: সংগৃহীত
০১:৫৯ পিএম | ২৬ মে, ২০২৬
রিয়াল মাদ্রিদের সেন্টারব্যাক ডিন হুইসেন স্পেনের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন।
রিয়াল মাদ্রিদের জার্সিতে এই মৌসুমটা হুইসেনের জন্য ছিল উত্থান-পতনে ভরা। তবে সবকিছুর পরেও সোফাস্কোর তাকে লা লিগার ‘টিম অব দ্য সিজন’-এ রেখেছিল। আর বিশ্বকাপের দলে ডাক না পেয়ে সেই ছবিটিই পোস্ট করেছেন এই ২১ বছর বয়সী স্প্যানিশ।
অনেকেই এটিকে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের প্রতি পরোক্ষ খোঁচা হিসেবে দেখছেন। কারণ, তিনি বিশ্বকাপ দলে কোনো রিয়াল মাদ্রিদ খেলোয়াড়কেই ডাকেননি। যদিও হুইসেন এবং দানি কার্ভাহালের সম্ভাবনা ছিল দলে থাকার।
কিন্তু স্পেন কোচ রক্ষণভাগে অন্য খেলোয়াড়দের বেছে নিয়েছেন। দলে ডাক পেয়েছেন মার্ক পুবিল (অ্যাতলেটিকো মাদ্রিদ) এবং এরিক গার্সিয়া (বার্সেলোনা)।

গ্রুপ ‘এইচ’-এ স্পেনের প্রতিপক্ষ হিসেবে আছে সৌদি আরব, কেপ ভার্দে এবং উরুগুয়ে। লামিনে ইয়ামালকে কেন্দ্র করে গড়া দলটি আগামী ১৫ জুন বিশ্বকাপ অভিযান শুরু করবে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২১ জুন সৌদি আরব এবং ২৭ জুন উরুগুয়ের বিপক্ষে খেলবে তারা।
নকআউট পর্বে রাউন্ড অব ৩২-এ স্পেনের প্রতিপক্ষ হতে পারে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার লক্ষ্য নিয়ে টুর্নামেন্টে নামার আগে স্পেন দুটি প্রীতি ম্যাচ খেলবে। ৪ জুন তারা আ কোরুনিয়ায় ইরাকের বিপক্ষে খেলবে, আর ৯ জুন মেক্সিকোর পুয়েব্লায় প্রতিপক্ষ হবে পেরু।
এমআর/টিকে