নেইমার নাকি ভিনি ১০ নম্বর জার্সি কার?
ছবি: সংগৃহীত
০২:২৫ পিএম | ২৬ মে, ২০২৬
অনেক কাঠখড় পুড়িয়ে ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন নেইমার। নিজেকে শতভাগ ফিট প্রমাণের লড়াই শেষে এখন তাকে লড়তে হচ্ছে ১০ নম্বর জার্সি ধরে রাখার জন্য।
ব্রাজিলের নতুন প্রজন্মের সমর্থকরা আইকনিক এই জার্সি দেখতে চায় ভিনিসিয়ুস জুনিয়রের গায়ে! ভিনিকে স্থায়ীভাবে ১০ নম্বর জার্সি দেওয়ার জন্য টিম ম্যানেজমেন্টের ওপর চাপ বাড়ছে।
ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমারের জন্য বিষয়টি বিব্রতকর।
ব্রাজিলের সমর্থকদের কাছে ১০ নম্বর জার্সি হলো নেতৃত্ব, উত্তরাধিকার ও আত্মপরিচয়ের প্রতীক। এই জার্সি গায়ে বিশ্ব মাতিয়েছেন পেলে, জিকো, রিভালদো, রোনালদিনহো ও কাকার মতো কিংবদন্তিরা। ২০১৩ সালের ২১ জুন থেকে ব্রাজিলের ‘নাম্বার টেন’ নেইমার।

কিন্তু চোটের দরুন ২০২৩ সালের অক্টোবরের পর আর জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি ৩৪ বছর বয়সি সান্তোস ফরোয়ার্ডের। তার অনুপস্থিতিতে ১০ নম্বর জার্সি উঠেছে দুই রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস ও রদ্রিগোর গায়ে। নেইমারের সেরা সময়ের খেলা না দেখা নতুন প্রজন্মের সমর্থকদের চোখে, ব্রাজিলীয় ফুটবলের ভবিষ্যৎ এখন ভিনি।
আড়াই বছরের বেশি সময় পর দলে ফিরলেও শুরুর একাদশে নেইমারের জায়গা নিশ্চিত নয়। বিশ্বকাপে তাই ভিনির গায়েই ১০ নম্বর জার্সি দেখতে চায় সমর্থকদের বড় একটি অংশ। তবে নেইমারকে ১৩ নম্বর জার্সি দেওয়ার আলোচনা শুরু হলেও তাতে সম্মতি দেননি কোচ কার্লো আনচেলত্তি।
আগের সাত নম্বর জার্সি গায়ে খেলতে ভিনিরও আপত্তি নেই। শেষ পর্যন্ত ১০ নম্বর জার্সি বেদখল না হলে ব্রাজিলের প্রথম ফুটবলার হিসাবে ‘নাম্বার টেন’ হয়ে চারটি বিশ্বকাপে খেলবেন নেইমার।
টিজে/টিকে