১২ ঘণ্টার মধ্যেই বর্জ্য পরিষ্কার করা হবে: ডিএনসিসি প্রশাসক
ছবি: সংগৃহীত
০৩:৫৭ পিএম | ২৬ মে, ২০২৬
কোরবানির পশু বর্জ্য দ্রুত পরিষ্কার ও নগরী দুর্গন্ধমুক্ত করতে প্রধানমন্ত্রীর দেয়া অনুশাসন বাস্তবায়নে রাজধানীসহ দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভায় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এদিকে, সরকারের বেঁধে দেয়া ১২ ঘণ্টার আগেই ঢাকা উত্তর সিটির বর্জ্য পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।
মঙ্গলবার (২৬ মে) ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ডিএনসিসি নগরভবনে আয়োজিত মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও ডিএনসিসি প্রশাসক।
এ সময় শফিকুল ইসলাম খান জানান, নগরী দুর্গন্ধমুক্ত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে। আর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, পশু কোরবানির পর বেলা ২ টা থেকেই পশুর বর্জ্য পরিষ্কার শুরু হবে এবং ১২ ঘণ্টার আগেই সিটি করপোরেশন এলাকা পরিচ্ছন্ন করা হবে।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ১০০ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টি হলেও কিছুক্ষণের মধ্যেই নগরীর পানি সরে যাবে। পানি নিষ্কাশনের প্রতিটি পয়েন্টে জমে থাকা পলিথিন ও ময়লা আবর্জনা পরিষ্কার করতে পরিচ্ছন্ন কর্মীদের তৎপর থাকতে নির্দেশনা দেন তিনি। সিটি করপোরেশনের পাশাপাশি রাজউক ও ওয়াসাকেও তৎপর থাকার নির্দেশনা দেন তিনি।
কেএন/টিকে