চট্টগ্রামের স্টাইলে স্মোকি বিফ কালাভুনার রেসিপি
ছবি: সংগৃহীত
০৪:৩০ পিএম | ২৬ মে, ২০২৬
কুরবানির ঈদ মানেই মাংসের নানা পদে ভরপুর টেবিল। তবে এর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ও লোভনীয় একটি রান্না হলো চট্টগ্রামের স্টাইল বিফ কালাভুনা। ধীরে ধীরে ভুনে তৈরি এই পদে থাকে গাঢ় কালচে রং, তেল ওঠা ঝলমলে ভাব আর গভীর স্মোকি স্বাদ- যা একবার খেলে সহজে ভোলা যায় না। ঐতিহ্যবাহী কালাভুনার সহজ ঘরোয়া রেসিপি জেনে নিন,
আসল চট্টগ্রামের স্টাইল বিফ কালাভুনা রেসিপি
উপকরণ (১ কেজি গরুর মাংস)
গরুর মাংস (হাড়সহ হলে ভালো) — ১ কেজি
পেঁয়াজ কুচি — ৪ কাপ
পেঁয়াজ বাটা — ২ টেবিল চামচ
রসুন বাটা — ২.৫ টেবিল চামচ
আদা বাটা — ১.৫ টেবিল চামচ
শুকনা মরিচ গুঁড়া — ২ টেবিল চামচ
কাঁচামরিচ বাটা — ১ টেবিল চামচ
হলুদ — আধা চা চামচ
ধনে গুঁড়া — ১ চা চামচ
জিরা গুঁড়া — ১ চা চামচ
গোলমরিচ গুঁড়া — ১ চা চামচ
গরম মসলা — ১ চা চামচ
দই — ২ টেবিল চামচ
সরিষার তেল — আধা কাপ
সয়াবিন তেল — আধা কাপ
তেজপাতা — ২টি
দারুচিনি — ২ টুকরা
এলাচ — ৪টি
লবঙ্গ — ৪–৫টি
শুকনা মরিচ — ৪–৫টি
কাঁচামরিচ — ৮–১০টি
লবণ — স্বাদমতো

প্রস্তুত প্রণালি
১. মেরিনেশন
মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর দই, আদা-রসুন বাটা, সব গুঁড়া মসলা ও লবণ মিশিয়ে অন্তত ১ ঘণ্টা মেরিনেট করুন।
২. পেঁয়াজ ক্যারামেলাইজ
কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিন। মিডিয়াম-লো আঁচে ধীরে ধীরে নাড়তে থাকুন। পেঁয়াজ গাঢ় বাদামি রঙ ধারণ করলেই বুঝবেন আসল স্বাদ তৈরি হচ্ছে। এরপর গোটা গরম মসলা ও শুকনা মরিচ দিন।
৩. মাংস কষানো
৪ ঘণ্টা আগে মেরিনেট করা মাংস দিয়ে হাই হিটে ৮–১০ মিনিট কষান। তারপর ঢেকে দিন। মাংসের পানি বের হলে সেটি দিয়েই রান্না চালিয়ে যেতে হবে। মাঝে মাঝে নাড়তে হবে।
৪. আসল কালাভুনার ফিনিশিং
পানি শুকিয়ে তেল উঠতে শুরু করলে কাঁচামরিচ, গোলমরিচ ও গরম মসলা দিন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কম আঁচে ২০- ৩০ মিনিট ধৈর্য ধরে ভুনতে থাকুন। কড়াইয়ের তলায় হালকা লেগে যাওয়া অংশই দেবে সেই স্মোকি কালাভুনার আসল স্বাদ। শেষে চাইলে অল্প সরিষার তেল ছড়িয়ে দিন।
গরম ভাত, পরোটা বা রুটির সঙ্গে পরিবেশন করুন। সাথে লেবু, পেঁয়াজ ও কাঁচামরিচ থাকলে স্বাদ আরও বেড়ে যাবে।
এসএ/টিকে