শেষ বিশ্বকাপে মেসির জাদু দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব
ছবি: সংগৃহীত
০৪:৫২ পিএম | ২৬ মে, ২০২৬
বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হওয়ার পর থেকেই লিওনেল মেসি যেন নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন। এখন আর তার কাঁধে নেই কোনো অপূর্ণতার ভার কিংবা নিজেকে প্রমাণ করার চাপ। মাঠে নামলেই তিনি উপভোগ করেন ফুটবলকে, আর ভক্তরা উপভোগ করেন তার প্রতিটি মুহূর্ত। তাই ২০২৬ বিশ্বকাপকে ঘিরে মেসিকে নিয়ে আবেগটা অন্য যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া আগামী বিশ্বকাপ সম্ভবত মেসির ক্যারিয়ারের শেষ বিশ্বমঞ্চ। সেই কারণেই আর্জেন্টিনা সমর্থকদের পাশাপাশি সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা অপেক্ষা করছেন আরও একবার তাকে বিশ্বকাপের আলোয় দেখার জন্য। বিশ্বজয়ের তাড়না নয়, বরং নিখাদ ভালোবাসা থেকেই এবার মাঠে নামবেন আর্জেন্টাইন অধিনায়ক।
আর্জেন্টিনার তরুণ তারকা জুলিয়ান আল্ভারাজ মনে করেন, মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ শুধু তাদের দলের জন্য নয়, গোটা ফুটবল বিশ্বের জন্যই আবেগঘন এক উপলক্ষ। ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বয়সের বাস্তবতায় এটাই হয়তো মেসির শেষ বিশ্বকাপ হতে পারে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণ তার নিজের। তবে এই টুর্নামেন্ট যে বিশেষ কিছু হতে যাচ্ছে, সেটি নিয়ে কোনো সন্দেহ নেই।
আলভারেজ আরও বলেন, মেসির প্রভাব শুধুমাত্র আর্জেন্টিনা দলের ভেতর সীমাবদ্ধ নয়। বিশ্বের কোটি কোটি ফুটবলভক্তের কাছেও তিনি অনুপ্রেরণার নাম। ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারের শেষ বিশ্বকাপ দেখার সুযোগ তাই সবার কাছেই বাড়তি রোমাঞ্চ তৈরি করছে।
এরই মধ্যে অবশ্য মেসিকে ঘিরে এক মুহূর্তের জন্য শঙ্কা তৈরি হয়েছিল। বিশ্বকাপের আগে Inter Miami CF-এর হয়ে শেষ ম্যাচ খেলতে গিয়ে ফিলাডেলফিয়ার বিপক্ষে বাঁ ঊরুতে অস্বস্তি অনুভব করেন তিনি। ম্যাচ চলাকালীন মাঠ ছাড়ায় দুশ্চিন্তায় পড়ে যান সমর্থকেরা। যদিও ম্যাচ শেষে কোচ আশ্বস্ত করেন, বিষয়টি গুরুতর নয়। পরে মেডিকেল পরীক্ষাতেও বড় কোনো সমস্যার ইঙ্গিত পাওয়া যায়নি।
বিশ্বকাপ শুরু হতে এখনও কিছুদিন বাকি থাকায় পুরোপুরি সুস্থ হয়ে ফেরার জন্য যথেষ্ট সময় পাচ্ছেন মেসি। আর সেটিই এখন স্বস্তি এনে দিয়েছে আর্জেন্টিনা শিবিরে।
ফুটবলপ্রেমীদের দৃষ্টি এখন আবারও সেই বিখ্যাত ১০ নম্বর জার্সির দিকে। কাতারে বিশ্বকাপ জিতে নিজের নাম ইতিহাসের পাতায় অমর করে রাখা মেসি এবার হয়তো শেষবারের মতো বিশ্বমঞ্চে ছড়াবেন তার জাদু। প্রতিটি ড্রিবল, নিখুঁত পাস কিংবা ফ্রি-কিক এখন শুধুই ফলাফলের জন্য নয়; বরং ফুটবল নামের শিল্পকে আরও একবার নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার উপলক্ষ। তাই ২০২৬ বিশ্বকাপে মেসিকে আরেকবার মাঠে দেখা—এটাই এখন ফুটবল বিশ্বের সবচেয়ে বড় প্রত্যাশা।
এবি/টিএ