ফরিদপুরে ২ দিন আগেই ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
০৫:৩৯ পিএম | ২৬ মে, ২০২৬
ফরিদপুরের সদরপুর উপজেলায় নিয়ম অনুযায়ী নির্ধারিত দিনের দুই দিন আগেই পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টায় উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের একটি দরবার শরীফে এই আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দরবারের পীর শাহ্ সুফি মো. রবিন হাসান তাঁর অনুসারী প্রায় ৩০ ঘর ভক্তকে নিয়ে এই ঈদের নামাজ আদায় করেন।
ঈদের নামাজ শেষে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়। স্থানীয়রা জানায়, সকাল থেকেই এই জামাতে অংশ নিতে দরবার শরীফ এলাকায় ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এছাড়া এই দরবারের অনুসারীরা বাংলাদেশে নির্ধারিত সময়ের আগেই রমজান শুরু ও ঈদ উদযাপন করে থাকেন।
দরবার সংশ্লিষ্টরা জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভক্তদের অংশগ্রহণে এবারও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আগামীকাল বুধবার সকালে পশু কোরবানি করা হবে।
আরআই/টিকে