© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিসিবি নির্বাচন: ভোটের লড়াইয়ে থাকছে না নারীর প্রতিনিধিত্ব

শেয়ার করুন:
বিসিবি নির্বাচন: ভোটের লড়াইয়ে থাকছে না নারীর প্রতিনিধিত্ব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৮ পিএম | ২৬ মে, ২০২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে নেই একজন নারী প্রার্থীও। তবে প্রার্থী তো দূরের কথা নির্বাচনের জন্য মনোনীত কাউন্সিলরদের মধ্যে নারী কাউন্সিলরই আছেন কেবল একজন। 'ভাগ্যবান' সেই একজন নারী কাউন্সিলর হলেন প্রকৌশলী ফিরোজা করিম নেলী। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হিসেবে মনোনীত হয়েছেন তিনি।

ক্যাটাগরি-৩ অর্থাৎ বিশেষ সংস্থা এবং সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে কাউন্সিলর মনোনীত হয়েছেন নেলী। এই ক্যাটাগরিতে একটি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন একজন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতোমধ্যে পরিচালক নির্বাচিত হয়ে গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। আর ভোটের আগেই পরিচালক নির্ধারিত হয়ে যাওয়ায় একমাত্র নারী প্রতিনিধি নেলী ভোটাধিকার প্রয়োগের সুযোগও পাচ্ছেন না।

বেশিরভাগ বোর্ড নির্বাচনের সময়ই ১-২ জনের বেশি নারী কাউন্সিলর দেখা যায় না। এবারও যেন সেটিরই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।

২০০৭ সালে অ্যাডহক কমিটির সদস্য হিসেবে বিসিবির দায়িত্ব নিয়েছিলেন আনিস খান মিনু। সেটাই বিসিবিতে প্রথম কোনো নারীর প্রতিনিধিত্বের ঘটনা। তবে নারীর সেই অংশগ্রহণ মাঝের প্রায় ১৮ বছর ধরে বন্ধ ছিল। সর্বশেষ আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডে এনএসসি থেকে মনোনীত হয়ে বিসিবি পরিচালক হন রুবাবা দৌলা। বর্তমান অ্যাডহক কমিটিতেও নারী প্রতিনিধি হিসেবে আছেন রাশনা ইমাম।

রুবাবার পর বর্তমানে রাশনা নারী উইংয়ের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ধারণা করা হচ্ছিল, নারী উইংয়ের চেয়ারম্যান পদের জন্য এবার নির্বাচিত একজন নারী পরিচালক আসতে পারে। নারী উইংয়ে ক্রিকেটারদেরও পছন্দ নারী পরিচালক। তবে আপাতত সেটা আর হচ্ছে না।

অবশ্য এনএসসি এবং বিসিবির স্বদিচ্ছা থাকলে বিসিবিতে নারী প্রতিনিধিত্ব বাড়ানো সম্ভব ছিল। বিসিবি নির্বাচনের জন্য এনএসসি কোটায় কাউন্সিলর মনোনীত হন পাঁচজন। সেখানে এবার কোনো নারী ক্রিকেটার মনোনীত হননি।

বিসিবি সভাপতির হাতে থাকে সাবেক অধিনায়ক কোঁটায় পাঁচ এবং সাবেক ক্রিকেটার কোঁটায় পাঁচজনকে কাউন্সিলর মনোনয়ন দেয়ার ক্ষমতা। তবে এই কোটায়ও কোনো নারী ক্রিকেটারকে মনোনয়ন দেয়া হয়নি। টানা দুই বার বোর্ডে নারী প্রতিনিধি থাকার পর এবার না থাকায় আলোচনা বাড়ছে। বোর্ডের এক সুত্র জানাচ্ছে, ভুলবশত কোনো নারী ক্রিকেটারকে কাউন্সিলর করা হয়নি। তবে নির্বাচন পরবর্তী সময়ে এনএসসি কোটায় যে পরিচালক করা হয়, সেখান থেকে একজন নারীকে পরিচালন মনোনীত করার পরিকল্পনা আছে বলেও জানা যাচ্ছে।

এবি/টিকে

মন্তব্য করুন