© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অবরোধের দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

শেয়ার করুন:
অবরোধের দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৫ পিএম | ২৬ মে, ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার টিপুরদী এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও ঈদের বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করেন।

স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে টিপুরদী এলাকার চৈতি গার্মেন্টসের শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুটি লেনে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে শিমরাইল থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকদের অভিযোগ, এপ্রিল মাসের বকেয়া বেতন এখনও পরিশোধ করা হয়নি। পাশাপাশি আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে মে মাসের বেতন ও উৎসব বোনাস দ্রুত পরিশোধের দাবি জানান তারা। তবে, মালিকপক্ষ একসঙ্গে সব অর্থ পরিশোধে অপারগতার কথা জানালে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

যানজটে আটকে পড়া তিশা পরিবহনের যাত্রী আরমান মিয়া বলেন, দুপুরে মদনপুর এলাকায় আসার পর থেকেই যানজটে আটকে আছি। দীর্ঘ সময় ধরে গাড়ি খুব ধীরে চলছে।

ট্রাকচালক রফিক মিয়া বলেন, সকালে সড়ক স্বাভাবিক ছিল। হঠাৎ অবরোধের কারণে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়েছে। এতে পণ্য পরিবহনেও সমস্যা হচ্ছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম শেখ বলেন, শ্রমিকদের সড়ক অবরোধের কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করা হয়েছে। পরে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে।

কেএন/টিকে

মন্তব্য করুন