যৌন নিপীড়নে অভিযুক্ত ফুটবলার ঘানার বিশ্বকাপ দলে
ছবি: সংগৃহীত
০৯:৪৯ পিএম | ২৬ মে, ২০২৬
গত বছরের জুলাইয়ে ব্রিটিশ আইনজীবীরা তার বিরুদ্ধে ধর্ষণের পাঁচটি ও যৌন নিপীড়নের অভিযোগ আনেন। তিনজন নারী তার বিরুদ্ধে মামলাও করেন।
এ বছরের ফেব্রুয়ারিতে ধর্ষণের আরো দুটি অভিযোগ যুক্ত হয়। লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালতে মামলাটি এখনো বিচারাধীন। এমন ফুটবলারকেই কি না বিশ্বকাপ দলে রেখেছে ঘানা!
সেই ফুটবলার যেনতেন কেউ নন; এক সময় ইংলিশ ক্লাব আর্সেনালে খেলা টমাস পার্টে। ৩২ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার বর্তমানে খেলছেন স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালে।

বিশ্বকাপের জন্য আজ ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন ঘানার কোচ কার্লোস কুইরোজ। পার্টেসহ মোট ৫ জন মিডফিল্ডার, ৫ জন গোলকিপার, ১০ জন ডিফেন্ডার ও ৮ জন ফরোয়ার্ড আছেন।
আগামী ১ জুনের মধ্যে ঘানাকে ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করতে হবে। এর আগে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত চলবে দলের বিশেষ কন্ডিশনিং ক্যাম্প ও প্রস্তুতি পর্ব।
চূড়ান্ত দল ঘোষণার ঠিক পরদিন, অর্থাৎ ২ জুন কার্ডিফে ওয়েলসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ঘানা। বিশ্বকাপে ‘এল’ গ্রুপে পড়ছে ঘানা। তাদের প্রতিপক্ষ পানামা, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া।
দ্য অ্যাথলেটিকসহ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পার্টের বিচার প্রক্রিয়া ২০২৭ সালের জুন পর্যন্ত পিছিয়ে যেতে পারে।
পার্টে বর্তমানে জামিনে আছেন।
জামিনের শর্ত অনুযায়ী, অভিযোগকারী নারীদের সঙ্গে তিনি যোগাযোগ করতে পারবেন না এবং কোথাও ভ্রমণে গেলে বা ঠিকানা পরিবর্তন করলে সেই তথ্য কর্তৃপক্ষকে জানাতে হবে।
আদালতে পার্টে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। ব্রিটেনের আইনে আদালতে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত অভিযুক্তকে নির্দোষ ধরা হয়। তাই বিশ্বকাপে খেলতে পার্টের কোনো বাধা নেই।
আরআই/টিকে