© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রংপুরে পুলিশের বিশেষ অভিযানে গত এক মাসে গ্রেপ্তার ৪৪২

শেয়ার করুন:
রংপুরে পুলিশের বিশেষ অভিযানে গত এক মাসে গ্রেপ্তার ৪৪২

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৩ পিএম | ২৬ মে, ২০২৬
মাদক, ছিনতাই ও বিভিন্ন অপরাধ দমনে রংপুর মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে গত এক মাসে মোট ৪৪২ জনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। গ্রেপ্তারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন।
এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

তিনি বলেন, রংপুর মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। দায়িত্ব গ্রহণের পর থেকে পুলিশ সদস্যদের মধ্যে দায়িত্ববোধ ও পুলিশিং কার্যক্রম আরো জোরদার হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত এক মাসে পরিচালিত অভিযানে ১১০ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৮৭ জন মাদক মামলার আসামি এবং অন্যান্য মামলায় ২৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে ৮ কেজি গাঁজা, ১ হাজার ৪৭৫ পিস ইয়াবা, ৮৮ বোতল ফেনসিডিল, ৩ দশমিক ২ গ্রাম হেরোইন, ২৫টি মর্ফিন ইনজেকশন এবং ৩১ লিটার চোলাই মদ।

পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। কোনো ধরনের অপরাধী বা মাদক কারবারির সঙ্গে আপস করা হবে না।

নগরবাসীর সহযোগিতা থাকলে অপরাধ নিয়ন্ত্রণ আরো কার্যকরভাবে সম্ভব।’ তিনি আরো জানান, নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও অভিযান আরো জোরদার করা হবে এবং এ কার্যক্রম নিয়মিতভাবে চলবে।

আরআই/টিকে

মন্তব্য করুন