৪ গরু ও ১ খাসি নিয়ে রাবি শিবিরের আয়োজন ‘মতিহারের কুরবানি’
ছবি: সংগৃহীত
০৫:১০ এএম | ২৭ মে, ২০২৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত হবে ‘নুসুক-ই মতিহার’ (মতিহারের কুরবানি) শীর্ষক ব্যাতিক্রমী এক অনুষ্ঠান। ঈদের দিন মাগরিবের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ আয়োজন অনুষ্ঠিত হবে।
শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদকের বরাতে জানা যায়, এ পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ৪টি গরু ও ১টি খাশি কুরবানির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ঈদের সময় নানা কারণে অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান করেন। তাদের জন্য উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করতেই এ আয়োজন করা হচ্ছে।
বিস্তারিত জানতে চাইলে শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, ক্যাম্পাসে অবস্থানরত এবং ক্যাম্পাস-সংলগ্ন এলাকার শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বহু বছর ধরেই কুরবানির আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় এবারও কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ঈদের দিন রাতে ডিনারের ব্যবস্থা করা হয়েছে। আমাদের এ আয়োজনের নাম ‘নুসুক-ই মতিহার’ অর্থাৎ মতিহারের কুরবানি।
তিনি বলেন, এ আয়োজনের জন্য ইতোমধ্যে ৪টি গরু ও ১টি খাসি ক্রয় করা হয়েছে। আরও দুইটি গরু ক্রয় করার চেষ্টা চলছে। হল ও মেসে অবস্থানরত সকল রাবি শিক্ষার্থী ঈদের দিনের ডিনারে অংশ নিতে পারবে।
এছাড়াও ক্যাম্পাসের কর্মচারী এবং পার্শ্ববর্তী এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসার যেসব শিক্ষার্থীর পরিবার কুরবানি দিতে পারেনি, তাদের মধ্যেও কুরবানির মাংস বিতরণ করা হবে বলে জানান তিনি।
এমআই/টিএ