© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২০ ট্রফির মহাকাব্য লিখে সিটির অধ্যায় শেষ করলেন গার্দিওলা

শেয়ার করুন:
২০ ট্রফির মহাকাব্য লিখে সিটির অধ্যায় শেষ করলেন গার্দিওলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৬ এএম | ২৭ মে, ২০২৬
বিদায় পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটিকে সাফল্যের এক স্বর্ণালি দশক উপহার দিয়ে অবশেষে ইতি টানলেন এই মাস্টার ট্যাকটিশিয়ান।

গত দশ বছরে ডাগআউটে দাঁড়িয়ে সারি সারি ট্রফির এক মহাকাব্য লিখেছেন তিনি, যার মোট সংখ্যা ২০টি। এই অবিশ্বাস্য অর্জনের মাধ্যমে ইংলিশ ফুটবলে নতুন ইতিহাস গড়েছে ম্যানচেস্টার সিটি; পুরো ম্যানচেস্টার শহরকে যেন লাল (ইউনাইটেড) থেকে স্থায়ীভাবে নীল (সিটি) রঙে রূপান্তর করেছেন তিনি। আর এই রূপান্তরের মূল স্থপতি ছিলেন গার্দিওলাই।

পেপ গার্দিওলার ঐতিহাসিক বিদায়কে স্মরণীয় করে রাখতে ম্যানচেস্টার সিটি আয়োজন করেছিল এক জমকালো অনুষ্ঠান—‘দ্য আফটার পার্টি’।

শহরের কো-অপ লাইভ অ্যারেনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রিয় কোচকে বিদায় জানাতে উপস্থিত হয়েছিলেন প্রায় ১৯ হাজার আবেগাপ্লুত সমর্থক।

অনুষ্ঠানে গার্দিওলার তিন সন্তান মারিয়া, মারিউস ও ভ্যালেন্তিনোর পাশাপাশি উপস্থিত ছিলেন তার সাবেক শিষ্য ও বর্তমান বায়ার্ন মিউনিখ কোচ ভিনসেন্ট কোম্পানি, সাবেক অধিনায়ক ফার্নান্দিনহো এবং বর্তমান তারকা জ্যাক গ্রিলিশ। এ ছাড়া ভিডিও বার্তার মাধ্যমে ফুটবল দুনিয়ার বাইরের দুই কিংবদন্তি—বাস্কেটবল সুপারস্টার মাইকেল জর্ডান এবং ব্রিটিশ গলফার টমি ফ্লিটউড এই স্প্যানিশ কোচকে শুভ কামনা জানান।

২০১৬ সালে যখন গার্দিওলা ইতিহাদ স্টেডিয়ামে পা রাখেন, তখন ক্লাবের অর্থনৈতিক শক্তি থাকলেও অভাব ছিল নিয়মিত ও ধারাবাহিক সাফল্যের।

পেপ এসে সিটিকে বিশ্বমঞ্চের অন্যতম সেরা ক্লাবে পরিণত করেন। এক দশকের যাত্রায় তারা জিতেছে চ্যাম্পিয়নস লিগ, ছয়টি প্রিমিয়ার লিগ, পাঁচটি লিগ কাপ, তিনটি এফএ কাপ ও কমিউনিটি শিল্ড, সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপ।



বিদায়ি মঞ্চে আবেগ ধরে রাখতে পারেননি গার্দিওলা। উপস্থিত সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি ভাবতেই পারিনি এখানে এসে এতটা ভালোবাসা পাব। দীর্ঘ ১০ বছর আপনাদের কোচ হয়ে থাকাটা সত্যিই অসাধারণ এবং অবিশ্বাস্য এক অনুভূতি।

আপনাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই। সারা জীবন আমি আপনাদের এই ভালোবাসা হৃদয়ে ধারণ করব।’

গার্দিওলার বিদায়ের আগে খোলা বাসে করে ম্যানচেস্টার শহরজুড়ে এক বর্ণাঢ্য প্যারেড অনুষ্ঠিত হয়। যেখানে গার্দিওলার মূল দলের পাশাপাশি অংশ নেয় ক্লাবের নারী ও যুবদলও। এই মৌসুমে সিটির পুরুষ দল জিতেছে এফএ কাপ ও লিগ কাপ, নারী দল ঘরে তুলেছে ‘উইমেনস সুপার লিগ’ এবং অনূর্ধ্ব-যুবদল জিতেছে ‘এফএ ইয়ুথ কাপ’।

ম্যানচেস্টার সিটির রূপকার পেপ গার্দিওলা এরপর কোন ক্লাবের বা দেশের দায়িত্ব নেবেন, তা এখনো নিশ্চিত নয়। অন্যদিকে, সিটির ডাগআউটে তার উত্তরসূরি কে হচ্ছেন—তা নিয়েও ধোঁয়াশা কাটেনি। তবে ফুটবল মহলের গুঞ্জন অনুযায়ী, গার্দিওলার সাবেক সহকারী এবং চেলসির বর্তমান কোচ এনজো মারেসকা সিটির পরবর্তী কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন।

টিজে/টিকে  

মন্তব্য করুন