ঈদ জামাতজাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায়, বায়তুল মোকাররমে শুরু ৭ টায়
ছবি: সংগৃহীত
০১:৫৬ পিএম | ২৭ মে, ২০২৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ ঈদের জামাতের সময়সূচি ঘোষণা করা হয়েছে। জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে আগামীকাল সকাল সাড়ে ৭টায়। এদিকে জাতীয় মসজি বায়তুল মোকাররমে এবারও ৫ টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম জানিয়েছেন, প্রধান জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অংশ নেবেন। আবহাওয়া অনুকূলে না থাকলে প্রধান জামাত সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মুসল্লিদের প্রবেশের জন্য চারটি এবং বের হওয়ার জন্য সাতটি পথ রাখা হয়েছে। এছাড়া ১২১টি কাতার ও একসঙ্গে ১৪০ জনের অজুর ব্যবস্থা রাখা হয়েছে।
ঈদকে ঘিরে নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। কোরবানির বর্জ্য আট ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে উল্লেখ করে নগরবাসীকে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানান ডিএসসিসি প্রশাসক।
বায়তুল মোকাররমে ৫টি ঈদ জামাত
ইসলামীক ফাউন্ডেশন জানিয়েছে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবারও পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
জামাতের সময়সূচি:
প্রথম জামাত — সকাল ৭টা
দ্বিতীয় জামাত — সকাল ৮টা
তৃতীয় জামাত — সকাল ৯টা
চতুর্থ জামাত — সকাল ১০টা
পঞ্চম জামাত — সকাল ১০টা ৪৫ মিনিট
প্রথম জামাতে ইমামতি করবেন হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। দ্বিতীয় জামাতে ইমাম থাকবেন ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। তৃতীয় জামাতে ইমামতি করবেন মুফতি মো. আব্দুল্লাহ।
চতুর্থ জামাতে দায়িত্ব পালন করবেন মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন এবং সর্বশেষ জামাতে ইমামতি করবেন জুবাইর আহাম্মদ আল-আযহারী।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই সংশ্লিষ্ট ইমাম, মুকাব্বির ও মুসল্লিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
এসএন