ঠাকুরগাঁওয়ে দ্রুত মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে: এলজিআরডি মন্ত্রী
ছবি: সংগৃহীত
০১:৫৮ পিএম | ২৭ মে, ২০২৬
ঠাকুরগাঁওয়ে দ্রুত মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৭ মে) সকালে জেলা সদরের জামালপুর, নারগুন, গড়েয়া ও আউলিয়াপুরসহ বেশ কয়েকটি এলাকার জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জন্য জমি নির্ধারণে বাস্তবায়ন কমিটি কাজ করছে। প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সব দিক বিবেচনা করা হচ্ছে, যাতে আবাদি জমির ক্ষতি না করে প্রতিষ্ঠানগুলো স্থাপন করা যায়।
তিনি আরও বলেন, ‘কমিটি করে দেয়া হয়েছে, তারাই জায়গা নির্ধারণ করবে। আমরা বেশ কয়েকটি স্থান পরিদর্শন করেছি। খুব দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে। বাস্তবায়ন কমিটি প্রস্তাব দিলে তা মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং দ্রুত কাজ শুরু করা হবে।’
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার বেলাল হোসেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ইসরাফিল শাহীন, সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল, জেলা বিএনপির সভাপতি ফয়সাল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী প্রমুখ।
কেএন/টিকে