ট্রেনের শিডিউল বিপর্যয় হয়নি, সাময়িক বিলম্ব হয়েছিল : যোগাযোগ মন্ত্রী
ছবি: সংগৃহীত
০২:১১ পিএম | ২৭ মে, ২০২৬
এবারের ঈদযাত্রায় ট্রেন চলাচলে কোনো বড় ধরনের শিডিউল বিপর্যয় হয়নি বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, দুটি ট্রেনের ‘হুইল স্লিপ’ করার কারণে সাময়িক বিলম্ব হয়েছিল। ঈদযাত্রার দ্বিতীয় দিনে কয়েকটি ট্রেন এক ঘণ্টা, ৪০ মিনিট ও ১০ মিনিট দেরি করলেও পরে তা সমন্বয় করা হয়েছে।
বুধবার (২৭ মে) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শেখ রবিউল আলম বলেন, ট্রেনের শিডিউল বিপর্যয় হয়নি। দুটি ট্রেন এর আগে হুইল স্লিপ করেছিল, যার জন্য আসতে দেরি হয়েছিল। দেরি হওয়ার কারণে ঈদের যাত্রার দ্বিতীয় দিন সম্ভবত একটি ট্রেন এক ঘণ্টা, আরেকটা ৪০ মিনিট, আরেকটা মনে হয় ১০ মিনিট ডিলে হয়েছে। পরে আবার সেটা সমন্বয় হয়েছে।
তিনি বলেন, কিছু যাত্রী আপনাদের ক্যামেরা দেখলেই একটা প্যানিক করার চেষ্টা করে। ট্রেনটা ছেড়ে দিচ্ছে, ওখানকার দরজা-জানালা দিয়ে অনেক লোক ঢোকার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে কিছু প্যাসেঞ্জার যারা ভেতরে আছে, তাদের নিরাপত্তার জন্য তারা জানালাটা বন্ধ করে দিয়েছে।
টিকিট নিয়ে অনিয়মের অভিযোগ তুলে মন্ত্রী বলেন, একটি টিকিট কাটার পর একজন যাত্রী তিনি মোবাইলে পাঁচজনকে দিয়ে দিচ্ছেন। আমাদের ফাইন্ডিং এসেছে। পাঁচজন মোবাইলে একই টিকিট দেখিয়ে বলছে- ‘দিস ইজ মাই টিকিট’। আসলে টিকিট তো একজনের।
তিনি আরও বলেন, এইরকমের বেশ কিছু ঘটনা ঘটেছে। আমরা যত কন্ট্রোল করতে চাই, ততটাই অপকৌশল নিচ্ছে কিছু সুবিধাভোগী মানুষ। এখন একটা টিকিট কেটে যদি আপনি পাঁচজনকে মোবাইলে সেন্ড করে দেন, সে দরজায় গিয়ে এসে দেখাচ্ছে ‘দিস ইজ মাই টিকিট’, সে ঢুকছে। এখন টিকিটওয়ালা কে সঠিক ফাইন্ড আউট করতে গেলে ট্রেন ডিলে হয়ে যাবে আরও দুই ঘণ্টা।
মন্ত্রী বলেন, যিনি উঠে বসে গিয়েছেন চলে গিয়েছেন, আর সেটি ভুল হলেও তিনি চলে গিয়েছেন। আর যিনি রিয়েল হলেও তিনি হয়তো ওই আসল টিকিট কেটেও যেতে পারছেন না। এইরকমের কিছু মিস ম্যানেজমেন্ট আমাদের যাত্রীরাও তৈরি করছে।
ট্রেনে নারীদের জন্য বিশেষ কোচ সংযোজনের বিষয়ে শেখ রবিউল আলম বলেন, এরইমধ্যে তিনটি আন্তঃনগর ট্রেনে বিশেষ কোচ যুক্ত করা হয়েছে। ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ রুটে এই ব্যবস্থা করা হয়েছে। সব ট্রেনে এখনই এটি সম্ভব হয়নি, কারণ আগেই অধিকাংশ টিকিট বিক্রি হয়ে গেছে এবং পর্যাপ্ত কোচও হাতে নেই।
এছাড়া ঈদ উপলক্ষ্যে অতিরিক্ত ৫১টি কোচ এরইমধ্যে যুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
কেএন/টিকে