© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু : ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন

শেয়ার করুন:
আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু : ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৪ পিএম | ২৭ মে, ২০২৬
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় শোক, বিভ্রান্তি ও অভিযোগে ভারী হয়ে উঠেছে হাসপাতালের পোস্ট অপারেটিভ ফ্লোর। এই মৃত্যুর প্রকৃতি কারণ ও ঘটনার রহস্য জানতে ঘটনাস্থলে এসেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন।

বৃহস্পতিবার (২৭ মে) দুপুরের দিকে সিআইডি ক্রাইমসিনের একটি টিম ঘটনাস্থলে আসে। 

সরেজমিনে দেখা যায়, ক্রাইমসিন ঘটনাস্থলে এসে হাসপাতালের পোস্ট অপারেটিভ রুমে প্রবেশ করে। সেখানে তারা এ ঘটনার সংশ্লিষ্ট বিভিন্ন নমুনা সংগ্রহ করে। প্রায় ঘণ্টাখানেক তারা কাজ করে।

টিমের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা সব বিষয় মাথায় রেখে এখানে নমুনা সংগ্রহ করছি। আমরা এখানে নমুনা ফরেনসিক করব। আসলে এই নিষ্পাপ শিশুদের মৃত্যু কেন হয়েছে, তা জানার চেষ্টা করব আমাদের তদন্তের মাধ্যমে।

এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি ৬ জন শিশু মারা গেছে। তবে আমরা কারণ জানতে পারিনি কী কারণে শিশুদের মৃত্যু হয়েছে। সিআইডির এক্সপার্ট টিম ঘটনাস্থলে এসেছে, তারা নমুনা সংগ্রহ করছে। তাদের তদন্তে মৃত্যুর আসল কারণ জানা যাবে।


এদিকে এ বিষয়ে ঘটনাস্থলে পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, পাঁচ শিশু হাসপাতালের এনআইসিইউতে ভর্তি রয়েছে। তাদের চিকিৎসা চলছে।

তবে ওই শিশুদের বর্তমান শারীরিক অবস্থা কেমন সে সম্পর্কে স্বাস্থ্যের ডিজি কিছু জানাননি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, এনআইসিইউতে চিকিৎসাধীন শিশুদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এছাড়া শিশুদের শরীর নীল বর্ণের ধারণ করেছে বলে জানা গেছে।

কেএন/টিকে

মন্তব্য করুন