© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা থেকে যমুনা সেতু পাড়ি দিতে লাগছে ১৪ ঘন্টা, ঈদযাত্রায় চরম ভোগান্তি

শেয়ার করুন:
ঢাকা থেকে যমুনা সেতু পাড়ি দিতে লাগছে ১৪ ঘন্টা, ঈদযাত্রায় চরম ভোগান্তি

ছবি: সংগৃহীত

রাজীব ইসলাম, মোবাইল জার্নালিস্ট
০২:৪২ পিএম | ২৭ মে, ২০২৬
ঢাকা থেকে যমুনা সেতু পর্যন্ত পৌঁছাতে সময় লাগছে প্রায় ১৪ ঘণ্টা। ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের চাপ ও তীব্র যানজটে এমন দুর্ভোগের সৃষ্টি হয়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। দীর্ঘ যানজটে আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

গাবতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা শালকি সুপার পরিবহনের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের বাস রাত ১২টায় রাজধানীর গাবতলী থেকে যাত্রা শুরু করে। তবে প্রথম পাঁচ ঘণ্টায় গাড়িটি গাজীপুরের চন্দ্রা এলাকাও অতিক্রম করতে পারেনি। পরে আরও প্রায় নয় ঘণ্টা পর বাসটি যমুনা সেতু এলাকায় পৌঁছায়।

পঞ্চগড়ে শ্বশুরবাড়িতে প্রথম ঈদ উদযাপন করতে যাত্রা করা যাত্রী জুয়েনা আক্তার স্মৃতি বলেন, “এত খারাপ অভিজ্ঞতা জীবনে হয়নি। রাত ১২টায় বাসে উঠেছি, কিন্তু ১৪ ঘণ্টা শুধু যমুনা সেতু পর্যন্ত আসতেই লেগে গেছে। পঞ্চগড়ে পৌঁছাতে আরও কত সময় লাগবে জানি না।”

যমুনা সেতুর টোল প্লাজায় আটকে থাকা হানিফ পরিবহনের যাত্রী সাব্বির আহমেদ বলেন, “বাচ্চা নিয়ে দীর্ঘ সময় যানজটে আটকে আছি। খুব কষ্ট হচ্ছে। কখন গন্তব্যে পৌঁছাতে পারব, সেটাও জানি না।”

যাত্রীদের অভিযোগ, সড়কে অতিরিক্ত যানবাহনের চাপ, ধীরগতির যান চলাচল এবং বিভিন্ন স্থানে যানজটের কারণে ঈদযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। বিশেষ করে শিশু ও বয়স্ক যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়ছেন।

এসএন 

মন্তব্য করুন