© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রশ্নে সাংবাদিককে সড়কমন্ত্রীআমার গাড়িতে উঠে চলেন, কোন কাউন্টার বাড়তি ভাড়া চেয়েছে দেখাবেন

শেয়ার করুন:
আমার গাড়িতে উঠে চলেন, কোন কাউন্টার বাড়তি ভাড়া চেয়েছে দেখাবেন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৭ পিএম | ২৭ মে, ২০২৬
নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে এমন অভিযোগে চটেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের কাছ ৫ গুণ ভাড়া বেশি নেওয়া হচ্ছে- এক সাংবাদিকের করা এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘আপনার কাছে যদি রেকর্ড থাকে চলেন। আপনি আমার গাড়িতে ওঠেন। চলেন। আমার গাড়িতে উঠবেন, চলেন। কোন কাউন্টার বাড়তি ভাড়া নেওয়ার কথা বলেছে? নিয়েছে না চেয়েছে, দেখাতে পারেন, চলেন।’

বুধবার (২৭ মে) দুপুর সোয়া ১২টায় গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, জাতীয়তাবাদী শ্রমিক দল এবং সড়ক পরিবহন মালিক শ্রমিক সংগঠনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসসহ বিআরটিএ কর্মকর্তা, পরিবহন মালিক-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সড়কমন্ত্রী বলেন, এখানে পুলিশ ও র‍্যাবের কন্ট্রোল রুম রয়েছে। বিআরটিএর ভিজিলেন্স টিম আছে। সবাই সমন্বিতভাবে কাজ করছে। এখানে ওইভাবে কোনো অনিয়ম হয়নি।
তিনি বলেন, বিচ্ছিন্নভাবে কিছু ঘটনার চেষ্টা হলেও তা তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। যাত্রীরা নির্ধারিত ভাড়ায় এই বাস স্টপেজ ত্যাগ করতে সমর্থ হয়েছে। নির্ধারিত ভাড়ার চার্ট লাগানো হয়েছে। ভাড়া বেশি নিয়েছে এ রকম কিছু ঘটেনি।

ঈদযাত্রায় সড়কে যান চলাচল স্বাভাবিক আছে দাবি করে মন্ত্রী বলেন, শুধুমাত্র যমুনা সেতুকেন্দ্রিক কিছুটা চাপ রয়েছে। আজ আড়াইটা তিনটার মধ্যেই স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। মানুষ নির্দ্বিধায় নির্বিঘ্নে যেতে পারছে।

যারা অগ্রিম টিকিট না কেটে তাৎক্ষণিক টিকিট কেটে বাড়ি যাচ্ছেন তাদের অনেকে অভিযোগ করেছেন যে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ রকম অভিযোগ আমি বায়বীয়ভাবে শুনেছি। কোন কাউন্টার, কোন বাস বাড়তি ভাড়া নিয়েছে বা কোথায় চেয়েছে বলেন।

তিনি সাংবাদিকদের বলেন, এখানে অনুসন্ধানী কোনো সাংবাদিক আছেন কিনা আমি জানি না। আপনারা ক্যামেরাটা ছেড়ে দিয়ে মুখে মাস্ক লাগিয়ে যাত্রী হিসেবে যান। কোন বাস কাউন্টার অথবা কোন বাসস্ট্যান্ড থেকে অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছে একটু জেনে এসে আমাদের জানান, নিশ্চয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুই-চারটা প্রবণতা যে হচ্ছে না তা নয়; সেটা কাউন্টারে না, বাইরে, রাস্তায় চলন্ত পথে হচ্ছে। সেখানেও জানার সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এক সাংবাদিক অভিযোগ করেন যে, মহাখালীতে পাঁচগুণ টাকা নেওয়া হচ্ছে। অভিযোগ শুনেই চটে যান মন্ত্রী।

তিনি বলেন, আমি মহাখালী থেকেই এলাম। আপনি বললেন এখানে (গাবতলী)। কোনো কাউন্টার থেকে বলা হয়নি এক টাকা বেশি নেওয়া হচ্ছে। আমি যাত্রীদের সঙ্গেও কথা বলেছি, তারাও কোনো অভিযোগ করেননি। বরং যাত্রীরা বলেছেন, নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে।

তখন ওই সাংবাদিক বাড়তি ভাড়া নেওয়ার রেকর্ড আছে উল্লেখ করলে মন্ত্রী বলেন, আপনার কাছে যদি রেকর্ড থাকে চলেন। আপনি আমার গাড়িতে ওঠেন। চলেন। আমার গাড়িতে উঠবেন। চলেন, কোনো কাউন্টার বাড়তি ভাড়া নেওয়ার কথা বলেছে? নিয়েছে না চেয়েছে, দেখাতে পারেন, চলেন।

তিনি বলেন, এটা বিচ্ছিন্ন কথা যে, বাংলাদেশের মানুষ পাঁচগুণ ভাড়া চাইবে, আর পাঁচগুণ ভাড়া দিয়ে বাড়ি যাবে। এটা কাউন্টারে হয় না। স্পষ্ট সুনির্দিষ্ট করে বলবেন, আমরা অ্যাকশন নেবো।

মন্ত্রী বলেন, তিনটি মন্ত্রণালয়ের ছুটি বাতিল করে আমরা ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে কাজ করছি। একটা লোক বাসস্ট্যান্ডের বাইরে কী বললো তা আমরা আমলে নিতে পারি না। অনেক সুযোগ সন্ধানী লোক এ রকম প্যানিক তৈরি করার সুযোগ নিতে পারে।

টিকে/

মন্তব্য করুন