© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতীয় ঈদগাহে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা

শেয়ার করুন:
জাতীয় ঈদগাহে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১০ পিএম | ২৭ মে, ২০২৬
টানা কয়েকদিনের বৃষ্টিতে ভিজে গেছে জাতীয় ঈদগাহ মাঠ। আগামীকাল বৃহস্পতিবার (২৭ মে) সেখানে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। তাই বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখেই ঈদের প্রধান জামাতের জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে প্রথম নামাজ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নামাজ পড়বেন। নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। এখানে ৩৫ হাজার মুসল্লি নামাজ পড়তে পারবেন।

প্রধান এই জামাতকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা বলয় গড়ে তুলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মাঠের চারপাশ ও প্রবেশদ্বারগুলোতে চার থেকে ছয় স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, ‘সমন্বিত ও প্রযুক্তিগত নির্ভর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পাঁচটি গেট রয়েছে জাতীয় ঈদগাহে। চার থেকে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

ঢাকা মহানগরীর সব ঈদের জামাত নিরাপত্তা ব্যবস্থার আওতায় থাকবে জানিয়ে তিনি বলেন, ‘ফাঁকা বাসা বাড়ি ও বাণিজ্যিক এলাকায় মোবাইল পেট্রোলিংসহ তিন ধরনের পেট্রোলিং করা হবে। সিসিটিভির মাধ্যমে নজরদারি করা হবে।’

এদিকে, ঢাকা শহরকে দ্রুত পরিচ্ছন্ন করতে বিশেষ রোডম্যাপ হাতে নিয়েছে সিটি করপোরেশন। একই সঙ্গে ঝড়-বৃষ্টির মতো বৈরী আবহাওয়া থাকলে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, ‘আনন্দময় ঈদ উদ্‌যাপনে সব আয়োজন করা হয়েছে। বর্জ্য পরিষ্কারে সব প্রস্তুতি রয়েছে। ১ লাখের বেশি চটের ব্যাগ দেয়া হয়েছে। যেখানে সেখানে কোরবানির বর্জ্য ফেলা যাবে না। না হলে কোনো নালা বন্ধ হলে বৃষ্টির কারণে সমস্যা হবে।’
বৃষ্টি হলেও প্রস্তুতি রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বৃষ্টিতে কোনো সমস্যা হবে না জাতীয় ঈদগাহে মাঠে। ঝড়-ঝঞ্ঝা হলে বিকল্প ব্যবস্থা থাকবে।’

এবি/টিএ

মন্তব্য করুন