দেশের বাইরে জ্যোতিদের ঈদ উদযাপন
ছবি: সংগৃহীত
০৪:২৬ পিএম | ২৭ মে, ২০২৬
বাংলাদেশে আগামীকাল (বৃহস্পতিবার) পবিত্র ঈদ উল আযহা। তবে দেশের নারী ক্রিকেট দলের সদস্যদের ঈদ শুরু হয়েছে একদিন আগেই। তারা ত্রিদেশীয় সিরিজ খেলতে এখন স্কটল্যান্ডে অবস্থান করছেন। দেশটিতে আজ (বুধবার) ঈদ পালিত হচ্ছে। সেখানে বেশ আনন্দঘন সময় পার করছেন নিগার সুলতানা জ্যোতিরা। নতুন পোশাক পরে তাদের হাস্যোজ্জ্বল ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ক্রিকেটাররা।
বাংলাদেশের বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা তার সতীর্থ ও কোচদের নিয়ে ছবি পোস্ট করে লিখেছেন, ‘দেশের বাইরে প্রথম ঈদ। সবাইকে ঈদের শুভেচ্ছা।’ দলের সকল ক্রিকেটারকে ঈদের নামাজ আদায় শেষে হাসিখুশি আমেজে দেখে গেছে। এছাড়া কোচিং স্টাফের সদস্যরাও নামাজ আদায় করেছেন। স্থানীয় সময় দুপুরে আবার অনুশীলনে নামবেন ক্রিকেটাররা।
গত রোববার দিবাগত রাতে যুক্তরাজ্যের উদ্দেশে দেশ ছাড়ে প্রথম বহর। এরপর গতকাল শেষ ধাপে বাকি ১৩ জন দেশ ছেড়েছেন। তবে বিশ্বকাপের আগে ক্রিকেটাররা এখন অবস্থান করছেন স্কটল্যান্ডে। সেখানে একটি ত্রিদেশীয় সিরিজ খেলেই বিশ্বকাপে যোগ দিবেন ক্রিকেটাররা।
এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে গ্রুপ-১ এ। এই গ্রুপে টাইগ্রেসদের সঙ্গী হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডস। অন্যদিকে, গ্রুপ-২ এ লড়াই করবে স্বাগতিক ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।
একনজরে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসূচি:
১৪ জুন: বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস– এজবাস্টন (বিকেল ৩:৩০ মিনিট)
১৭ জুন: বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া– হেডিংলি (বিকেল ৩:৩০ মিনিট)
২০ জুন: বাংলাদেশ বনাম পাকিস্তান – হ্যাম্পশায়ার বোল (সন্ধ্যা ৭:৩০ মিনিট)
২৫ জুন: বাংলাদেশ বনাম ভারত – ওল্ড ট্র্যাফোর্ড (সন্ধ্যা ৭:৩০ মিনিট)
২৮ জুন: বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা – লর্ডস (বিকেল ৩:৩০ মিনিট)
এবি/টিএ