১২ ঘণ্টায় ঢাকা থেকে টাঙ্গাইল, ফেসবুকে ক্ষোভ প্রকাশ এমপির
ছবি: সংগৃহীত
০৭:০৩ পিএম | ২৭ মে, ২০২৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ এবং দুটি শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার পথে তীব্র যানজটে আটকা পড়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দীর্ঘ যানজটের কারণে নির্ধারিত সময়ে এলাকায় পৌঁছাতে না পেরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি না থাকার অভিযোগও তোলেন তিনি।
বুধবার (২৭ মে) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বুলবুল জানান, গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বরাদ্দকৃত ১০ লাখ টাকার ঈদ উপহার বিতরণ এবং সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে নিহত দুই পরিবারের সদস্যদের সমবেদনা জানাতেই তিনি মঙ্গলবার রাত ১১টা ৩৮ মিনিটে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা দেন।
তিনি লেখেন, তীব্র যানজটের কারণে বুধবার বেলা ১১টা ২৫ মিনিট পর্যন্ত আমরা টাঙ্গাইলেই আটকে আছি। এমপি বুলবুল জানান, তালিকা অনুযায়ী এক হাজার মানুষকে এক হাজার টাকা করে দুটি পৃথক স্থানে সকাল ১০টা ও ১১টায় তার উপস্থিতিতে সহায়তা বিতরণের কথা ছিল। কিন্তু যানজটের কারণে তা সম্ভব হয়নি।
ফেসবুক পোস্টে তিনি এ জন্য দুঃখ প্রকাশ করে বলেন, একদিকে যোগাযোগমন্ত্রীর পক্ষ থেকে ঈদ যাত্রায় জনগণের স্বস্তির কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। যানজটের কারণে মানুষের দুঃসহ ভোগান্তির বাস্তব চিত্র আমি নিজেই উপলব্ধি করছি।
তিনি আরও অভিযোগ করেন, প্রায় ১২ ঘণ্টার যাত্রায় ঢাকা থেকে শুধু টাঙ্গাইল পর্যন্ত পৌঁছাতে পেরেছেন এবং পুরো পথে কোথাও ট্রাফিক পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়েনি।
এদিকে ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ ও ধীরগতির কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে বলে ভোগান্তির কথা জানিয়েছেন যাত্রীরা।
এবি/টিএ