© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপের পর ফুটবলকে বিদায় বলতে পারেন লুকা মদ্রিচ

শেয়ার করুন:
বিশ্বকাপের পর ফুটবলকে বিদায় বলতে পারেন লুকা মদ্রিচ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৩ পিএম | ২৭ মে, ২০২৬
চ্যাম্পিয়নস লিগে জায়গা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় লুকা মদ্রিচ–এর ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আগামী জুনে  এসি মিলান–এর সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। ইতালিয়ান গণমাধ্যমগুলোর দাবি, নিজের ক্যারিয়ারের পরবর্তী সিদ্ধান্ত নিয়ে এখনো দ্বিধায় রয়েছেন এই ক্রোয়েশিয়ান তারকা মিডফিল্ডার। এমনকি ২০২৬ বিশ্বকাপের পর পেশাদার ফুটবলকে বিদায় জানানোর ভাবনাও নাকি ঘুরপাক খাচ্ছে তার মনে।

শৈশবের পছন্দের ক্লাবে যোগ দিয়ে ৪০ বছর বয়সী মডরিচ তাঁর প্রথম মৌসুমেই দারুণ প্রভাব ফেলেছিলেন। যারা রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকার সর্বোচ্চ স্তরে খেলার ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন, তাদের সবাইকে চমকে দিয়ে মিলানের মিডফিল্ডকে একাই চাঙ্গা করে তুলেছিলেন তিনি। তবে লিগের শেষ ম্যাচে ক্যাগলিয়ারির কাছে ২-১ গোলের হার এসি মিলানের চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়। আর আগামী সেপ্টেম্বরে এই অভিজ্ঞ মিডফিল্ডার ৪১ বছরে পা দিতে যাওয়ায়, তাঁর পরবর্তী পদক্ষেপ কী হতে যাচ্ছে—তা নিয়ে এখনই চারদিকে গুঞ্জন শুরু হয়ে গেছে।

ইতালির সংবাদমাধ্যম গাজ্জেত্তা দেল্লো স্পোর্ত-এর বরাত দিয়ে ক্যালসিও মার্কেটো জানিয়েছে, মডরিচ সবসময়ই একটা বিষয় পরিষ্কার করে বলে আসছেন— মাঠে লড়াই করার মতো সত্যিকারের অনুপ্রেরণা ও পরিবেশ পেলেই কেবল তিনি খেলা চালিয়ে যাবেন।

বর্তমানে মিলানের পুরো ম্যানেজমেন্ট ও নেতৃত্ব কাঠামো ভেঙে পড়েছে, যার ফলে ক্লাবটিকে একদম শূন্য থেকে নতুন করে সবকিছু গড়ে তুলতে হবে। এমন পরিস্থিতিতে আগামী মৌসুমে তাদের শিরোপার জন্য লড়াই করার সম্ভাবনা খুবই ক্ষীণ। আর এমন বাস্তবতা অভিজ্ঞ মিডফিল্ডার মডরিচের পরিকল্পনা বা শর্তের চেয়ে একেবারেই আলাদা।

এসি মিলানের বিদায়ী কোচের সঙ্গে মডরিচের চমৎকার সম্পর্ক বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। অ্যালগ্রির সঙ্গে তাঁর এই মধুর সম্পর্কের কারণেই ক্লাবে থেকে যাওয়ার ব্যাপারে ইতিবাচক ছিলেন। কিন্তু এই কোচ অ্যালগ্রি বিদায় নেওয়ায় মিলানে মডরিচের চেনা পরিবেশ এবং স্বস্তির বড় একটি জায়গা হারিয়ে গেল।

অবশ্য ৩০ জুন চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আরও এক বছর তা বাড়িয়ে নেওয়ার সুযোগ এসি মিলানের হাতে রয়েছে। আর ক্লাবের মালিক জেরি কার্দিনালে এবং জ্লাতান ইব্রাহিমোভিচ—দুজনই মদ্রিচকে রেখে দেওয়ার ব্যাপারে বেশ আগ্রহী বলে ধারণা করা হচ্ছে।

গত বছর রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৩ বছরের বণার্ঢ্য ক্যারিয়ারের ইতি টেনে এসি মিলানে যোগ দেন মডরিচ। বয়সকে সংখ্যা বানিয়ে ইতালির ক্লাবটিতেও দুর্দান্ত পারফরমেন্স উপহার দেন। ২০২৫-২৬ মৌসুমে ক্লাবটির জার্সিতে ৩৪ ম্যাচ মাঠে নেমেছেন।
৪০ বছর বয়সী লুকা মডরিচ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার ২৬ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন। ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ২০১৮ বিশ্বকাপে গোল্ডেন বল পাওয়া কিংবদন্তি। আগামী ১৭ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে।

এবি/টিএ

মন্তব্য করুন