© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গরুর মাংসে নতুন স্বাদ, ঘরেই বানান গ্রিন চিলি বিফ

শেয়ার করুন:
গরুর মাংসে নতুন স্বাদ, ঘরেই বানান গ্রিন চিলি বিফ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২২ পিএম | ২৭ মে, ২০২৬
কোরবানির ঈদ মানেই ঘরে ঘরে গরুর মাংসের নানা আয়োজন। তবে টানা একই ধরনের রান্না খেতে খেতে অনেক সময় স্বাদে একঘেয়েমি চলে আসে। সেই একঘেয়েমি কাটাতে ঝাল আর মসলাদার স্বাদের ভিন্নধর্মী পদ হতে পারে গ্রিন চিলি বিফ। কাঁচা মরিচ, টমেটো আর মসলার দারুণ সংমিশ্রণে তৈরি এই রেসিপি সহজেই বাড়িয়ে দেবে ঈদের খাবারের আনন্দ।

উপকরণ হিসেবে লাগবে এক কেজি গরুর মাংস, ছোট লাল আলু, টমেটো, পেঁয়াজকুচি, আদা-রসুনকুচি, কাঁচা মরিচ, কাঁচা মরিচবাটা, গরম মসলার গুঁড়া, টমেটো পেস্ট, ধনেপাতাকুচি, সবুজ ক্যাপসিকাম, লবণ ও সয়াবিন তেল।

প্রথমে গরুর মাংস ভালোভাবে ধুয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এরপর মাংস হালকা বাদামি করে ভেজে আলাদা করে রাখতে হবে। অন্য একটি পাত্রে তেল গরম করে পেঁয়াজকুচি, আদা ও রসুন ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর বাদামি রং আসে।



এরপর এতে কাঁচা মরিচবাটা ও গরম মসলার গুঁড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপর টমেটো ও ক্যাপসিকামের টুকরা দিয়ে মসলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে রান্না করতে হবে। মসলা থেকে সুন্দর ঘ্রাণ বের হলে এতে ভাজা মাংস ও আলু দিয়ে নেড়ে নিতে হবে।

সবশেষে টমেটো পেস্ট মিশিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে। ঝোল মাখা মাখা হয়ে এলে কাঁচা মরিচের ফালি ও ধনেপাতাকুচি ছড়িয়ে অল্প আঁচে দমে রাখতে হবে কয়েক মিনিট। এরপর গরম গরম পরিবেশন করলেই তৈরি ঝাল-ঝাল স্বাদের গ্রিন চিলি বিফ।

ঈদের ভারী খাবারের তালিকায় একটু ভিন্ন স্বাদের এই পদ সহজেই হতে পারে পরিবারের সবার পছন্দের খাবার।

এসএ/টিএ

মন্তব্য করুন