বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে দুশ্চিন্তায় স্কালোনি
ছবি: সংগৃহীত
১১:৪৪ পিএম | ২৭ মে, ২০২৬
ফ্রান্স, স্পেন, ব্রাজিল, পর্তুগাল, ইংল্যান্ড, জার্মানিসহ বেশিরভাগ বড় দল বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে। কিন্তু আর্জেন্টিনা এদিক থেকে পিছিয়ে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এখনো দল ঘোষণা করেনি।
আর্জেন্টিনার দল ঘোষণায় কেন এত দেরি হচ্ছে—এ নিয়ে একটি প্রতিবেদন করেছে ইএসপিএন। ক্রীড়াভিত্তিক এই সংবাদমাধ্যম বলছে, কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। চোটের সঙ্গে লড়াই করে চলা খেলোয়াড়দের পুরোপুরি সেরে উঠতে কত দিন লাগতে পারে, তাদের রাখবেন নাকি বাদ দেবেন, এসব সিদ্ধান্ত নিতে কিছুটা সময় নিচ্ছেন স্কালোনি।
ফিফার বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী, আগামী ২ জুনের মধ্যে সব দলকে চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে। স্কালোনি হয়তো শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবেন।
বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা শিবিরে বেড়েছে দুশ্চিন্তা। শুধু লিওনেল মেসি নন, দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারের চোটও এখন কোচ লিওনেল স্কালোনির ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে।
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি সম্প্রতি ইন্টার মিয়ামির হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন। যদিও ধারণা করা হচ্ছে, এই চোট মেসির ষষ্ঠ বিশ্বকাপ খেলায় বাধা হয়ে দাঁড়াবে না। তবে স্কালোনি জানিয়েছেন, মেসি শতভাগ ফিট ন হয়েই বুয়েনস এইরেসে প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন।

আর্জেন্টিনার টিভি চ্যানেল ডি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে স্কালোনি বলেছেন, ‘(মেসির স্ক্যানের) প্রাথমিক রিপোর্ট খুব একটা খারাপ নয়। তবে আরো কিছু পরীক্ষার ফল আসার পরই পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
আমরা সবাই চেয়েছিলাম মেসি পুরোপুরি ফিট অবস্থায় দলে যোগ দিক। কিন্তু বাস্তবতা ভিন্ন। শুধু সে নয়, আরো কয়েকজন খেলোয়াড় চোট থেকে পুরোপুরি সেরে ওঠেনি। তাদের দ্রুত সুস্থ করে তোলাই এখন প্রধান লক্ষ্য।’
চোটের তালিকায় আছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও। ইউরোপা লিগ ফাইনালের আগে অ্যাস্টন ভিলার হয়ে অনুশীলনের সময় ডান হাতের আঙুলে চিড় ধরে মার্তিনেজের।
এ ছাড়া টটেনহামের ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো হাঁটুর লিগামেন্ট চোট থেকে সেরে ওঠার চেষ্টা করছেন। নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, নিকো পাজ ও নিকোলাস গঞ্জালেসও চোটে ভুগছেন।
স্কালোনি জানিয়েছেন, ফিফার কাছে চূড়ান্ত দল জমা দেওয়ার আগ পর্যন্ত চোটগ্রস্ত ফুটবলারদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। এমনকি মেসিসহ কয়েকজনকে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে না খেলানোর সম্ভাবনা আছে। এ পরিস্থিতিতে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য কয়েকজন তরুণ ফুটবলারকে দলে ডাকা হয়েছে।
স্কালোনি বলেছেন, ‘তরুণ খেলোয়াড়দের শুধু ভবিষ্যতের কথা ভেবে নয়, সম্ভাব্য জরুরি পরিস্থিতির জন্যও দলে নেওয়া হয়েছে। প্রথম ম্যাচের আগ পর্যন্ত পরিবর্তনের সুযোগ থাকছে।’
আগামী সপ্তাহে স্পোর্টিং কানসাস সিটির ট্রেনিং কমপ্লেক্সে বেস ক্যাম্প শুরু করবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযানে নামবে তারা।
এমআই/টিএ