পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির মাইকিং, কড়া নিরাপত্তা
ছবি: সংগৃহীত
০৫:০৩ এএম | ২৮ মে, ২০২৬
পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক, চোরাচালান ও পুশইন ঠেকাতে তৎপর রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। একই সাথে পুশইন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম ঠেকাতে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সচেতন করতে মাইকিং করা হচ্ছে।
বুধবার (২৭ মে) গভীর রাতে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়সে দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে একই দিন রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারসহ বিভিন্ন সীমান্ত এলাকায় মাইকিং করা হয়।
স্থানীয়রা জানায়, মাইকিং এর মাধ্যমে সীমান্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার কথা বলা হচ্ছে। পাশাপাশি পুশইনসহ অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তের অপরাধ দেখলেই বিজিবি সদস্যদের অবগত করার আহ্বান জানানো হয়।
বিজিবি বলছে, সীমান্ত নিরাপত্তাসহ সকল ধরনের অপরাধ নির্মূল করতে স্থানীয়দের সহায়তা নেয়া হচ্ছে। একই সাথে বর্তমান প্রেক্ষাপটে ভারতের অভ্যন্তরে বিভিন্ন সীমান্ত এলাকায় মানুষের অবস্থানকে ঘিরে ভারত থেকে বাংলাদেশে পুশইন ঠেকাতে মসজিদসহ সীমান্ত বাজারে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি সীমান্তে বিজিবির টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।
বিজিবির পঞ্চগড়-১৮ ব্যটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস দেশের একটি গণমাধ্যম জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকাগুলোতে কঠোর নিরাপত্তা অবস্থায় রয়েছে বিজিবি।
একই সাথে জনসচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। সীমান্তের নিরাপত্তা রক্ষায় স্থানীয় জনগণকে সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালনে আহ্বান জানানো হচ্ছে মাইকিংয়ে।
এছাড়া অবৈধ পুশইন ও মানবপাচার প্রতিরোধসহ মাদক ও পণ্য চোরাচালান ঠেকাতে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এমআই/টিএ