© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফরিদপুরে কোরবানির মাংস বণ্টন ও সংরক্ষণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০

শেয়ার করুন:
ফরিদপুরে কোরবানির মাংস বণ্টন ও সংরক্ষণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৫ পিএম | ২৮ মে, ২০২৬
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঈদের দিন কোরবানির মাংস মসজিদে রাখা নাকি বাড়িতে নেওয়া হবে, তা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ১০টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের পূর্ব আড়য়াকান্দী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদের জামাত শেষে কোরবানির মাংস সংরক্ষণ নিয়ে গ্রামের দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপক্ষের নেতৃত্ব দেন আবু বকর মুন্সী এবং অপরপক্ষের নেতৃত্ব দেন কামরুজ্জামান সম্রাট। কথাকাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা দেশীয় অস্ত্র নিয়ে বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়।

ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে গুরুতর আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে মাংস বণ্টন ও সংরক্ষণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে একটি অনাকাঙিক্ষত সংঘর্ষের ঘটনা ঘটে। সংবাদ পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি সামাজিকভাবে সমাধানের জন্য উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে।

এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানা গেছে।

টিজে/টিএ 

মন্তব্য করুন