© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশের মতো ভারতেও মিলল ‘ভিআইপি’ ছাগল, দাম ৮ লাখ

শেয়ার করুন:
বাংলাদেশের মতো ভারতেও মিলল ‘ভিআইপি’ ছাগল, দাম ৮ লাখ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৬ পিএম | ২৮ মে, ২০২৬
বছর দুয়েক আগে কোরবানির ঈদে বাংলাদেশে ১৫ লাখ টাকার একটি ছাগল দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। ঠিক তেমনই এক ‘ভিআইপি’ ছাগল এবার শোরগোল ফেলেছে ভারতের ইন্দোরে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই ছাগলটির নাম রাখা হয়েছে ‘সুলতান’। শুধু নামেই নয়, তার খাওয়া-দাওয়া আর যত্নআত্তিতেও রয়েছে রাজকীয় ভাব।
বৃহস্পতিবার (২৮ মে) ভারতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। ঈদকে কেন্দ্র করে ইন্দোরের পশুর হাটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে সব আকর্ষণ কেড়ে নিয়েছে পাঞ্জাবি ‘বিটাল’ জাতের দানবাকৃতির ছাগল সুলতান।

ইন্দোরের গুলজার কলোনির বাসিন্দা মঈন খান প্রায় এক বছর আগে এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে পাঞ্জাব থেকে সুলতানকে নিয়ে আসেন। ৪৮ ইঞ্চি (চার ফুট) উচ্চতার এই ছাগলটির ওজন বর্তমানে ২০০ কেজিরও বেশি।

মঈন খান জানান, সুলতানকে পরিবারের সদস্যের মতোই লালন-পালন করা হয়েছে। তার জন্য বরাদ্দ ছিল আলাদা ঘর। গরম থেকে বাঁচাতে ঘরে বসানো হয়েছিল কুলার (শীতাতপ যন্ত্র)। সুলতানের দৈনিক খাবারের তালিকায় থাকত দুই লিটার দুধ, ২৫০ গ্রাম ড্রাই ফ্রুটস (কাজু-কাঠবাদাম) এবং প্রায় ১০ কেজি সবুজ পাতা। এছাড়া তৃষ্ণা মেটাতে তাকে ঠান্ডা পানি ও মাঠা (বাটার মিল্ক) দেওয়া হতো। এই রাজকীয় সুলতানকে কিনতে এক ক্রেতা সর্বোচ্চ আট লাখ রুপি দাম হাঁকিয়েছেন।

মঈন খান বলেন, সুলতান আমাদের পরিবারের সদস্যের মতো। এবারের ঈদে তাকে কোরবানি দেওয়া হবে।

বিস্কুটপ্রেমী ‘গোলু লালা’
ইন্দোরের হাটে সুলতান ছাড়াও লাখ টাকা দামের বেশ কিছু ছাগল নজর কেড়েছে। এর মধ্যে ‘গোলু লালা’ নামের আরেকটি ছাগল বেশ পরিচিতি পেয়েছে।

তার মালিক ফাতিমা জানান, গোলু লালার ঘুমানোর জন্য রয়েছে নিজস্ব বিছানা। তার সকাল শুরু হয় বিস্কুট খেয়ে। এরপর কাজু, বাদাম, দুধসহ পরিবারের সদস্যরা যা খান, গোলু লালাকেও তা-ই খাওয়ানো হয়। গরমের দিনে তার জন্যও কুলারের ব্যবস্থা রাখা হতো।

মঈন ও ফাতিমা দুজনেই জানিয়েছেন, পরম যত্নে বড় করা এই ‘ভিআইপি’ ছাগল দুটিকে এবারের ঈদুল আজহায় কোরবানি দেওয়া হবে। দানবাকৃতির ও আকর্ষণীয় চেহারার এই ছাগল দুটিকে একনজর দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় করছেন।

সুত্র: ফ্রি প্রেস জার্নাল

এসএন 

মন্তব্য করুন