© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদের জামাতে আর্সেনালের রঙে মামদানি, এক পোশাকে বহু সংস্কৃতি

শেয়ার করুন:
ঈদের জামাতে আর্সেনালের রঙে মামদানি, এক পোশাকে বহু সংস্কৃতি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৩ পিএম | ২৮ মে, ২০২৬
এটা কি কুর্তা? না কি থোব? নাকি কন্দুরা? নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির ভাইরাল আর্সেনাল-থিমযুক্ত ঈদুল আজহার পোশাকটিকে কী নামে ডাকা হবে তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে।

মামদানির পরনের পোশাকটি দেখে অনেকেই পাচ্ছেন প্রথাভাঙার উৎসাহ। এই ডিজাইনের কস্টিউম কোথা থেকে কেনা যায় সেই আলোচনাও চলছে। তবে মার্কিন রক্ষণশীল ট্যাবলয়েড নিউ ইয়র্ক পোস্ট এটিকে 'একটি দৃষ্টিকটু জার্সি' বলে বর্ণনা করেছে।

গতকাল (২৭ মে) ব্রঙ্কসে নিউইয়র্কের বৈচিত্র্যময় মুসলিম ডায়াসপোরার সদস্যদের সঙ্গে ঈদ উদযাপনের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে মামদানি লিখেছেন, 'আমি নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হতে পেরে সম্মানিত এবং সংহতির মাধ্যমে নেতৃত্ব দিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।' তার এই পোস্টে এক মিলিয়নেরও বেশি লাইক এবং হাজার হাজার শেয়ার এসেছে।

'আমাদের সংহতিই আমাদের শক্তি,'–এভাবেই নিউইয়র্কের মেয়র মামদানি তার পোস্ট শেষ করেছেন।

এই অনুষ্ঠানে মামদানির সঙ্গে ছিলেন মার্কিন কংগ্রেসওমেন আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ, যিনি তার কালো স্যুটের সঙ্গে একটি হেডস্কার্ফ পরেছিলেন।

ঈদুল আজহা ইসলামের দুইটি প্রধান উৎসবের মধ্যে একটি, যা প্রতি বছর জ্বিলহজ্জ মাসে পালিত হয়। এর অর্থ 'ত্যাগের উৎসব', যা আল্লাহর আদেশ পালনে নবী হজরত ইব্রাহিম (আ.) তার ছেলে হজরত ইসমাইলকে (আ.) কোরবানি দেওয়ার প্রস্তুতির ঘটনাকে স্মরণ করে।

উৎসবটি মক্কায় হজ পালনের সমাপ্তির সঙ্গেও সম্পর্কিত, যা ইসলামের পাঁচটি স্তম্ভের একটি।

কিন্তু আসলে মামদানি কী পরেছিলেন?
কিছু শিরোনামে এই পোশাককে 'রোব' বলা হয়েছে, আবার কেউ এটিকে থোব বলেছেন, যা সাধারণত উপসাগরীয় অঞ্চলের পুরুষরা পরেন। সংযুক্ত আরব আমিরাতে এটি 'কন্দুরা' নামে পরিচিত, আর কুয়েত, ইরাক ও ওমানে এটিকে কখনও 'দিশদাশা' বলা হয়।




কাঠামোবদ্ধ কলার, সূক্ষ্ম এমব্রয়ডারি এবং সঙ্গে পরা ট্রাউজারের কারণে মামদানির পোশাকটি দক্ষিণ এশীয় কুর্তার স্টাইলের সঙ্গে বেশি মিল রয়েছে। থোব বা এমিরাতি কন্দুরা সাধারণত অনেক বেশি লম্বা, ঢিলেঢালা এবং একটানা প্রবাহিত রোবের মতো হয়, যা গোড়ালি পর্যন্ত নেমে যায়। কিন্তু মামদানির পোশাকটি তুলনামূলকভাবে বেশি আঁটসাঁট এবং পাশের স্লিটসহ, যা উৎসবের দক্ষিণ এশীয় পুরুষদের পোশাকের বৈশিষ্ট্য।

তবুও এই পোশাক ঘিরে আলোচনা শুধু ফ্যাশনেই সীমাবদ্ধ ছিল না। মানুষ যেভাবে এটিকে দেখেছে, তা অনেকাংশে তাদের নিজস্ব সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করেছে। অনেক অর্থে, এই বহুমাত্রিক ব্যাখ্যাই মামদানির ব্যক্তিত্বের প্রতিচ্ছবি, যিনি একাধিক পরিচয়ের সমন্বয়।

উগান্ডায় ভারতীয় বংশোদ্ভূত পরিবারে জন্ম নেওয়া মামদানি সিরিয়ান শিল্পী রামা দুয়াজির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ, এবং এখন যুক্তরাষ্ট্রের অন্যতম পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি জন্মসূত্রে দক্ষিণ এশীয়, পূর্ব আফ্রিকান, আমেরিকান, মুসলিম এবং একই সঙ্গে একজন ফুটবল ভক্ত।

তার আর্সেনাল-থিমযুক্ত পোশাক এই বিভিন্ন পরিচয়ের মিশ্রণই তুলে ধরে। আর্সেনালের ঐতিহ্যবাহী লাল-সাদা হোম কিটের বদলে এই পোশাকে নীল ও কালো শেড এবং লাল ডিটেইলিং বেশি দেখা গেছে।

মামদানি আগে বলেছেন, তার আর্সেনাল ক্লাবের প্রতি ভালোবাসা এসেছে মূলত ক্লাবটির আফ্রিকান খেলোয়াড়দের কারণে, যা তার পূর্ব আফ্রিকায় বেড়ে ওঠার সময় তার সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল।

এই ফুটবল সংযোগটি আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে কারণ আগামী মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে ২০২৬ ফিফা বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে।

মামদানির এই পোশাক নিয়ে এখন তুমুল চর্চা; কারও কাছে এটি দক্ষিণ এশীয় মনে হয়েছে, কারও কাছে মধ্যপ্রাচ্যের, আবার কেউ কেবল ফুটবল-সংস্কৃতির দিকটাই দেখেছেন। বাস্তবতা হলো, এই পোশাকটি একক কোনো সংজ্ঞায় আটকে যায় না। আর সম্ভবত সেটাই ছিল মূল বিষয়।

টিজে/টিএ 

মন্তব্য করুন