ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’-কে ‘হ্যান্ডসাম বিস্ট’ বললেন অ্যামি হোরোভিটজ
ছবি: সংগৃহীত
০৬:০১ পিএম | ২৮ মে, ২০২৬
বাংলাদেশে কোরবানি না দিয়ে চিড়িয়াখানায় রেখে বিশ্বজুড়ে ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে ‘হ্যান্ডসাম বিস্ট’ (সুদর্শন প্রাণী) বলে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রখ্যাত মার্কিন চলচ্চিত্র নির্মাতা অ্যামি হোরোভিটজ। মহিষটিকে শেষ মুহূর্তে কোরবানি না দেওয়ার সিদ্ধান্তে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।
সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্কাই নিউজ অস্ট্রেলিয়ার এক টকশোতে অংশ নিয়ে হোরোভিটজ এই প্রতিক্রিয়া জানান। অনুষ্ঠানের সঞ্চালক রিতা পানাহি যখন তাকে বাংলাদেশে ভাইরাল হওয়া মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর ছবি দেখান, তখন হোরোভিটজ রসিকতা ও প্রশংসার ছলে বলেন, ‘লোকটা কী দারুণ এক হ্যান্ডসাম বিস্ট! ভালোই হলো, আমি সত্যি আনন্দিত যে সে শেষ মুহূর্তে রেহাই পেয়েছে।’
প্রসঙ্গত, নারায়ণগঞ্জের একটি খামারে থাকা প্রায় ৭০০ কেজি ওজনের এই বিরল অ্যালবিনো (সাদা) মহিষটির মাথায় ছিল সোনালী রঙের চমৎকার ঝুঁটি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিখ্যাত চুলের স্টাইলের সাথে মিল থাকায় খামারির ছোট ভাই শখ করে এর নাম রেখেছিলেন 'ডোনাল্ড ট্রাম্প'। সামাজিক যোগাযোগ মাধ্যমে মহিষটির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে এটি রাতারাতি বিশ্বব্যাপী ভাইরাল হয়ে যায়।
ঈদুল আজহা উপলক্ষে মহিষটি কোরবানির হাটে তোলার পর ৩ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি হয়েছিল। তবে এটি দেখতে খামারে হাজারো মানুষের উপচে পড়া ভিড় তৈরি হয়। উদ্ভূত পরিস্থিতিতে জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ হস্তক্ষেপ করে। পরবর্তীতে ক্রেতাকে টাকা ফেরত দিয়ে মহিষটিকে কোরবানি থেকে অবমুক্তি দেওয়া হয় এবং স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ঢাকার জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার (২৭ মে) মহিষটিকে রাজধানী মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় রাখা হয়েছে। এরপর থেকে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটিকে দেখতে চিড়িয়াখানায় ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।
এসএ/এসএন