বিশ্বকাপে দলের জন্য ভিসা নিয়ে নতুন দাবি ইরানের
ছবি: সংগৃহীত
০৭:২৩ পিএম | ২৮ মে, ২০২৬
দুই দিন আগে ইরানের মূল ঘাটি যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার অনুমোদন দিয়েছে ফিফা। তারা তাদের তিনটি গ্রুপ ম্যাচই খেলবে আমেরিকার মাটিতে। ইরানের ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই) একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের নির্ধারিত ম্যাচগুলোর জন্য ইরানের বিশ্বকাপ প্রতিনিধি দলকে মাল্টিপল-এন্ট্রি ভিসা অর্থাৎ একাধিকবার প্রবেশের সুবিধাযুক্ত ভিসা দিতে হবে।
এফএফআইআরআই প্রেসিডেন্ট মেহদি তাজ বুধবার বলেছেন, তার আশা তিন সপ্তাহের মধ্যে শুরু হতে যাওয়া প্রতিযোগিতার জন্য যুক্তরাষ্ট্র তাদের বিশ্বকাপ স্কোয়াড ও সাপোর্ট স্টাফদেরকে ভিসা দেবে।
ইরানের উত্তরপূর্বাঞ্চলের মাশহাদে স্থানীয় সাংবাদিকদের তাজ বলেছেন, ‘সব খেলোয়াড়দেরকে মাল্টিপল-এন্ট্রি ভিসা দিতে হবে যুক্তরাষ্ট্রকে, যেন তারা যুক্তরাষ্ট্রে অনেকবার যেতে পারে এবং বের হতে পারে।’

ইরানিয়ান স্কোয়াডকে এখনও ভিসা দেওয়া হয়নি। ইরানের খেলোয়াড়রা অনুশীলন করছে তুরস্কে। সেখানেই ভিসা সাক্ষাৎকারের জন্য উপস্থিত ছিলেন বেশ কয়েকজন সদস্য।
খেলোয়াড় ও স্টাফদের যারা ইরান থেকে তুরস্কে গিয়েছিলেন, তারা যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেছেন। কিন্তু ইরানের বিরুদ্ধে ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার আগে যারা আবেদন করেননি, তারাও সশরীরে অ্যাম্বাসিতে গিয়ে ভিসার আবেদনপত্র জমা দিয়েছেন।
এদিকে পুরো স্কোয়াড কানাডিয়ান ভিসার জন্য আবেদন করেছে। তারা নকআউটে উঠলে কানাডায় খেলবে সেই ম্যাচ। ইরানের দল বিশ্বকাপ শুরু করবে ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে। লস অ্যাঞ্জেলসে সেই ম্যাচ খেলার ছয় দিন পর ক্যালিফোর্নিয়ায় বেলজিয়ামের মুখোমুখি হবে। ইরানের শেষ জি গ্রুপ ম্যাচের খেলা সিয়াটলে মিসরের বিপক্ষে।
আরআই/টিএ