ঈদে ভিন্ন স্বাদে নারকেল দুধে স্মোকি ভুঁড়ি ভুনা
ছবি: সংগৃহীত
০৭:৩৮ পিএম | ২৮ মে, ২০২৬
কোরবানির ঈদে গরুর মাংসের নানা পদ তো হয়ই, তবে একটু ভিন্ন স্বাদের কিছু চাইলে তৈরি করতে পারেন নারকেল দুধ দিয়ে স্মোকি ভুঁড়ি ভুনা। ভুঁড়ির মচমচে ভাব, ধোঁয়ার ঘ্রাণ আর নারকেল দুধের হালকা মিষ্টি স্বাদে খেতে হবে দারুণ লোভনীয়।
উপকরণ
গরুর ভুঁড়ি ১ কেজি, পেঁয়াজ কুচি ২ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, শুকনা মরিচ বাটা ১ টেবিল চামচ,
হলুদ গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, নারকেল দুধ ১ কাপ, তেজপাতা ২টি, দারুচিনি ২ টুকরা, এলাচ ৩টি, কাঁচামরিচ ৪-৫টি, সরিষার তেল পরিমাণমতো, লবণ স্বাদমতো। কয়লার ধোঁয়া দেয়ার জন্য ছোট ছোট টুকরা কয়লা।
ভুঁড়ি পরিষ্কার করার উপায়
প্রথমে ভুঁড়ি ভালোভাবে ধুয়ে গরম পানিতে সামান্য লবণ ও ভিনেগার দিয়ে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর ছুরি দিয়ে ওপরের অংশ পরিষ্কার করে ছোট টুকরো করুন। চাইলে অল্প হলুদ দিয়ে একবার সেদ্ধ করে নিতে পারেন, এতে গন্ধ কমে যাবে।

রান্নার পদ্ধতি
কড়াইয়ে সরিষার তেল গরম করে তেজপাতা, দারুচিনি ও এলাচ ফোড়ন দিন। এবার পেঁয়াজ কুচি দিয়ে বাদামি রং হওয়া পর্যন্ত ভাজুন। এরপর আদা-রসুন বাটা দিয়ে কষিয়ে নিন। সব গুঁড়া মসলা ও সামান্য পানি দিয়ে মসলাটা ভালোভাবে কষিয়ে নিন। এখন পরিষ্কার করা ভুঁড়ি দিয়ে মাঝারি আঁচে ১৫-২০ মিনিট ভুনা করুন। ভুঁড়ি থেকে পানি বের হলে ঢেকে দিন। পানি শুকিয়ে এলে নারকেল দুধ ঢেলে আরও ১০ মিনিট রান্না করুন। এরপর কাঁচামরিচ ও গোলমরিচ গুঁড়া ছড়িয়ে দিন। শেষে ছোট একটি কয়লা জ্বালিয়ে একটি বাটিতে রেখে তাতে সামান্য তেল দিন। সঙ্গে সঙ্গে ধোঁয়া উঠবে। সেই বাটিটি কড়াইয়ের মাঝে বসিয়ে ঢাকনা দিয়ে ৩ মিনিট ঢেকে রাখুন। এতে স্মোকি ফ্লেভার চলে আসবে।
পরিবেশন
গরম গরম পরোটা, নান বা সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন এই স্মোকি ভুঁড়ি ভুনা। ঈদের সকালে বা রাতের দাওয়াতে এটি সহজেই সবার নজর কাড়বে।
এসএ/টিএ