দুই প্রীতি ম্যাচ থেকেই ছিটকে পড়লেন নেইমার, বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে খেলাও অনিশ্চিত
ছবি: সংগৃহীত
০৯:০০ পিএম | ২৮ মে, ২০২৬
ডান পায়ের কাফের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা নেইমার জুনিয়র বিশ্বকাপের আগে ব্রাজিলের দুটি প্রীতি ম্যাচেই খেলতে পারবেন না। এমনকি ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে গ্রুপ সি-র উদ্বোধনী ম্যাচেও তার খেলা নিয়ে দেখা দিয়েছে বড় অনিশ্চয়তা।
২০২৬ ফিফা বিশ্বকাপ অভিযান শুরুর আগেই বড় ধাক্কা খেল ব্রাজিল। দেশটির সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, নেইমারের চোট তাকে অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে রাখতে পারে।
ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন, এমআরআই স্ক্যানে 'গ্রেড-টু মাংসপেশির চোট ধরা পড়েছে। আমাদের আশা, সে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ফিরতে পারবে।'

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) তথ্য অনুযায়ী, ৩৪ বছর বয়সী এই তারকা গ্রাঞ্জা কোমারির অনুশীলন কেন্দ্রে দলের রুদ্ধদ্বার সেশনে অংশ নেননি। পরে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে তেরেসোপোলিসের একটি ব্যক্তিগত ক্লিনিকে পাঠানো হয়।
নতুন এই চোট নেইমারের বিশ্বকাপ খেলার স্বপ্নকে নতুন করে ঝুঁকিতে ফেলে দিল। ফিফার নিয়ম অনুযায়ী, দলের প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগ পর্যন্ত ইনজুরি রিপ্লেসমেন্ট করা যায়। ফলে নেইমার সময়মতো সুস্থ না হলে ব্রাজিলের হাতে এখনও পরিবর্তনের সুযোগ থাকছে।
বিশ্বকাপে গ্রুপ জে-তে আছে ব্রাজিল। আগামী ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ব্রাজিল। এরপর ২০ জুন হাইতি এবং ২৫ জুন স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আনচেলত্তির শিষ্যরা। তার আগে আগামী ১ জুন পানামা এবং ৭ জুন মিশরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা।
নিজের শৈশবের ক্লাব সান্তোসের হয়ে খেলা নেইমার ২০২৩ সালের পর জাতীয় দলের হয়ে আর মাঠে নামেননি। তাই নতুন কোচ কার্লো আনচেলত্তি তাকে বিশ্বকাপ দলে নেওয়ায় অনেকেই বিস্মিত হয়েছিলেন।
এমআই/টিএ