দিবালাকে বাদ দেওয়ার কারণ জানালেন স্কালোনি
ছবি: সংগৃহীত
০৯:৪৪ পিএম | ২৮ মে, ২০২৬
শিরোপা ধরে রাখার মিশন শুরু করতে ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত করার শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ২০২২ বিশ্বকাপ জয়ী দলের বেশ কয়েকজন সদস্য ইতিমধ্যেই এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম পাওলো দিবালা। প্রাথমিক দলেই কেন এই তারকা ফরোয়ার্ডের জায়গা হয়নি, তা নিয়ে অবশেষে মুখ খুলেছেন আলবিসেলেস্তা কোচ।
গত ১১ মে চূড়ান্ত ২৬ সদস্যের দলের লড়াইয়ে থাকা ৫৫ জন খেলোয়াড়ের একটি প্রাথমিক তালিকা প্রকাশ করেন স্কালোনি। তবে সেখানে সবচেয়ে বড় চমক ছিল পাওলো দিবালার অনুপস্থিতি। এএস রোমার হয়ে মৌসুমের শেষভাগটা দুর্দান্ত কাটানোর পরও বর্ধিত এই দলেও তাঁর জায়গা না হওয়াটা আর্জেন্টিনা সমর্থকদের মনে বেশ বড়সড় প্রশ্ন চিহ্নের জন্ম দেয়।
সম্প্রতি আর্জেন্টিনার সংবাদমাধ্যম 'ডি-স্পোর্টস'-কে দেওয়া এক সাক্ষাৎকারে দিবালাকে বাদ দেওয়ার কারণ সরাসরি ব্যাখ্যা করেছেন স্কালোনি। আলবিসেলেস্তেদের মাস্টারমাইন্ড বলেন, 'পাওলো যে কত বড় মাপের খেলোয়াড়, তা নতুন করে বলার কিছু নেই। ও নিজের ক্লাবের হয়ে অবিশ্বাস্যভাবে ছন্দে ফিরেছে, ওর দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করেই তারা চ্যাম্পিয়নস লিগে কোয়ালিফাই করেছে। কিন্তু ফুটবলে এমনটা সবসময়ই হয়—নতুন তরুণেরা উঠে আসে যারা দলে অবদান রাখছে, আবার কিছু খেলোয়াড় ওই পজিশনে নিজেদের দারুণভাবে থিতু করে নিয়েছে যারা একটা সুযোগ পাওয়ার যোগ্য। আর তাই আমরা অন্য খেলোয়াড়দের স্কোয়াডে রাখার সিদ্ধান্ত নিয়েছি।
দিবালাকে বাদ দেওয়ার পেছনে অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে জাতীয় দলের সাথে তাঁর দীর্ঘদিনের দূরত্ব। সবশেষ আর্জেন্টিনার জার্সি গায়ে জড়িয়েছিলেন ২০২৪ সালের সেপ্টেম্বরে, যেখানে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে মাত্র ১৬ মিনিট মাঠে থাকার সুযোগ পেয়েছিলেন।

এরপর থেকে আর্জেন্টিনার প্রতিটি আন্তর্জাতিক উইন্ডোতেই দলের বাইরে ছিলেন দিবালা। আর এই সুযোগে নিকো পাজ এবং এমিলিয়ানো বুয়েন্দিয়ার মতো তরুণেরা দারুণ পারফর্ম করে স্কোয়াডে নিজেদের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন।
আর্জেন্টিনার হয়ে ফিফা বিশ্বকাপ ট্রফিতে চুমু আঁকা সেই পাওলো দিবালার বয়স এখন ৩২। এবারের বিশ্বকাপের পর আর্জেন্টিনার ফুটবলের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে—সেই দূরদর্শী ভাবনা থেকেই মূলত এবার তাঁকে উপেক্ষা করা হয়েছে।
এই প্রসঙ্গে স্কালোনি বলেন, 'ওর যে অবিশ্বাস্য প্রতিভা রয়েছে, তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই; আমরা সবাই ওকে ভীষণ ভালোবাসি, মানুষ হিসেবেও ও অসাধারণ। কিন্তু আমাদের বর্তমানের পাশাপাশি ভবিষ্যতের কথাও ভাবতে হবে যে অন্যেরা আমাদের দীর্ঘমেয়াদে কী দিতে পারছে। বিশ্বজয়ী দলের আরও বেশ কয়েকজন খেলোয়াড় এবার বাদ পড়েছে। আসলে ফুটবল প্রতিদিনের পারফরম্যান্সের ওপর চলে, আর পরিস্থিতি বিবেচনা করেই আমরা এই কঠিন সিদ্ধান্তটি নিয়েছি।'
২০২৫-২৬ মৌসুম দিবালার জন্য মাঠ এবং মাঠের বাইরে—সব মিলিয়েই বেশ চ্যালেঞ্জিং ছিল। প্রথমত, এএস রোমায় কোচ জিয়ান পিয়েরো স্পেরিনির নতুন কৌশলের সঙ্গে মানিয়ে নেওয়ার লড়াই করতে হয়েছে তাঁকে। এরপরই হানা দেয় ইনজুরি, হাঁটুর অস্ত্রোপচারের কারণে মৌসুমের একটি বড় অংশ জুড়েই মাঠের বাইরে কাটাতে হয় এই ফরোয়ার্ডকে।
অবশ্য রোমার টানা পাঁচ ম্যাচ জয়ের যে দৌড়—যা তাদের শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগের টিকিট এনে দিয়েছিল, তার শেষ তিন ম্যাচে চার-চারটি অ্যাসিস্ট করে দারুণ অবদান রেখেছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত, এই পারফরম্যান্স তিনি করেছিলেন স্কালোনির প্রাথমিক তালিকা প্রকাশের ঠিক আগ মুহূর্তে। ফলে কোচের মন গলানোর বা সিদ্ধান্ত বদলানোর মতো পর্যাপ্ত সময় আর দিবালার হাতে ছিল না।
এমআই/টিএ