মেসি-এমবাপ্পের লড়াইয়ে নতুন ইতিহাসের অপেক্ষায় ফুটবল বিশ্ব
ছবি: সংগৃহীত
১০:৫৩ পিএম | ২৮ মে, ২০২৬
ফুটবল বিশ্বকাপ মানেই শিরোপার লড়াইয়ের পাশাপাশি ব্যক্তিগত অর্জনের প্রতিযোগিতাও। আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে বরাবরই থাকেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। এবারও তার ব্যতিক্রম নয়। তবে ট্রফির দৌড়ের বাইরে এই দুই তারকার সামনে রয়েছে আরও বড় এক লক্ষ্য-বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভাঙা।
দীর্ঘ এক যুগ ধরে এই রেকর্ড নিজের দখলে রেখেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা। ২০০২ থেকে ২০১৪ পর্যন্ত চারটি বিশ্বকাপে ধারাবাহিক পারফরম্যান্সে তিনি ২৪ ম্যাচে করেছিলেন ১৬ গোল। বিশেষ করে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক ৭-১ জয়ের ম্যাচে গোল করেই সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন ক্লোসা।
তবে বর্তমান পরিস্থিতি বলছে, তার সেই রেকর্ড এখন বড় চ্যালেঞ্জের মুখে। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এখন পর্যন্ত বিশ্বকাপে খেলেছেন ২৬ ম্যাচ। সেখানে তার গোলসংখ্যা ১৩। অর্থাৎ ক্লোসাকে ছাড়িয়ে যেতে মেসির প্রয়োজন আর মাত্র ৪টি গোল। আর্জেন্টিনার আক্রমণভাগের মূল ভরসা হিসেবে এবারও তার দিকেই তাকিয়ে সমর্থকরা।

অন্যদিকে ফ্রান্সের সুপারস্টার কিলিয়ান এমবাপ্পেও রয়েছেন দারুণ অবস্থানে। মাত্র তৃতীয় বিশ্বকাপে অংশ নিতে যাওয়া এই ফরোয়ার্ড ইতোমধ্যেই করেছেন ১২ গোল। ক্লোসার রেকর্ড স্পর্শ করতে তার দরকার আরও ৫টি গোল। বয়স, গতি ও গোল করার অসাধারণ দক্ষতা বিবেচনায় এমবাপ্পেকে ভবিষ্যতের সম্ভাব্য রেকর্ডধারী হিসেবেও দেখা হচ্ছে।
বর্তমানে গোলের হিসাবে এমবাপ্পের চেয়ে এক ধাপ এগিয়ে আছেন মেসি। এবারের বিশ্বকাপে যদি তিনি আরও ৪ গোল করতে পারেন, তাহলে এককভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়ে নতুন ইতিহাস গড়বেন। তবে এমবাপ্পের বিস্ফোরক পারফরম্যান্স যেকোনো সময় এই সমীকরণ বদলে দিতে পারে।
সব মিলিয়ে, বিশ্বকাপের শিরোপা লড়াইয়ের পাশাপাশি মেসি ও এমবাপ্পের ব্যক্তিগত এই রেকর্ড যুদ্ধও ফুটবলপ্রেমীদের বাড়তি উত্তেজনা উপহার দেবে। এখন দেখার বিষয়, দীর্ঘদিন ধরে অটুট থাকা ক্লোসার ১৬ গোলের রেকর্ড শেষ পর্যন্ত কার পায়ে ভাঙে।
আরআই/টিএ