কোরবানির মাংস খেতে গিয়ে গলায় হাড় বিঁধলে কী করবেন?
ছবি: সংগৃহীত
০৪:২৩ পিএম | ২৯ মে, ২০২৬
কোরবানির ঈদে বাড়িতে লোভনীয় গরু বা খাসির মাংস রান্না হয়। এ মাংস খাওয়ার সময় পরিচিত একটি সমস্যা হলো গলায় হাড় বিঁধে যাওয়া। সাধারণত অসাবধানতায় দ্রুত ও ভালোমতো চিবিয়ে না খাওয়ার কারণে এ সমস্যায় পড়েন বেশিরভাগ মানুষ। এমন অনাকাঙিক্ষত বিপদে পড়লে দ্রুত করণীয় কী তা হয়তো অনেকেই জানেন না।
বিশেষজ্ঞরা বলছেন, খাওয়ার সময় মাংসের হাড় গলায় বিঁধে থাকে নতুবা কখনো তা খাদ্যনালিতে আটকে যায়। এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে কিছু পদক্ষেপ নেয়া জরুরি।
করণীয়
১। গলায় হাড় বিঁধলে আতঙ্কিত হবেন না।
২। শান্ত ও স্থির হয়ে বসুন। কোনো সমস্যা না হলে কিছুক্ষণ অপেক্ষা করুন।
৩। পানি, নরম ভাত, কলা, ভেজানো রুটি খেতে পারেন। এতে করে হাড়টি নিচে নেমে যেতে পারে। তবে হাড় ধারালো হলে হিতে বিপরীত হতে পারে। তাই অনুভব করতে চেষ্টা করুন আটকে থাকা হাড়টি কেমন হতে পারে। অথবা টর্চ লাইট দিয়ে কেউ মুখের ভেতরে আটকে থাকা হাড় দেখার চেষ্টা করতে পারেন।
৪। হালকা কাশি দিতে চেষ্টা করুন। এতে করে অনেক সময় হাড় সরে যায়।
৫। সামনের দিকে ঝুঁকিয়ে ভুক্তভোগীর পিঠে চাপড় দিন।
৬। শ্বাসকষ্ট হলে প্রশিক্ষণ থাকলে হাইমলিখ ম্যানুভার দিতে পারেন। শ্বাসনালিতে খাবার, হাড় বা অন্য কোনো বস্তু আটকে গেলে এবং শ্বাস নিতে না পারলে এটি করা হয়। এর জন্য পেটের ওপর বিশেষভাবে চাপ প্রয়োগ করে আটকে থাকা বস্তুটি সরানোর চেষ্টা করা হয়।
৭। তবে এতে কাজ না হলে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
আরও পড়ুন: ঈদে খাবার বদহজম এড়াতে কী করবেন?
জরুরি অবস্থা
১। শ্বাস নিতে না পারা।
২। কথা বলতে ও গিলতে সমস্যা হওয়া।
৩। দম বন্ধ হওয়ার অনুভূতি।
৪। এক ঘণ্টার বেশি সময় ধরে হাড় আটকে থাকার অনুভূতি।
৫। মুখ বা ঠোঁট নীলচে হওয়া।
৬। গলা ব্যথা ও থুথুর সঙ্গে রক্ত আসা।
এসব উপসর্গ থাকলে বাড়িতে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে ভুক্তভোগীকে নিয়ে যাওয়া জরুরী।
আরও পড়ুন: গরুর মাংস কতদিন ফ্রিজে রেখে খাওয়া নিরাপদ?
যা করবেন না
১। গলায় আঙুল দিয়ে খোঁচাখুঁচি করা যাবে না।
২। লেবুর রস খেলে হাড় গলে সমস্যা হয় এমন ধারণা ভুল। এটি করা এড়িয়ে চলুন।
৩। শুকনো ভাত ও বড় খাবারের দলা গিলে হাড় সরানোর চেষ্টা করা বিপদজনক।
৪। শিশুদের ক্ষেত্রে বাড়িতে সময় নষ্ট না করা বুদ্ধিমানের কাজ হবে।
৫। শ্বাসকষ্ট হলে বাড়িতে অপেক্ষা করবেন না। দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন।
পরামর্শ
খাওয়ার সময় গলায় হাড় বিঁধে যাওয়ার সমস্যা মূলত তাড়াহুড়ো কিংবা কথা বলতে বলতে খেতে গেলে হয়ে থাকে। যাদের দাঁতের সমস্যা রয়েছে, ছোট শিশু ও বয়স্ক বৃদ্ধ যারা চোখে কম দেখেন তাদের ক্ষেত্রেও এমনটা ঘটতে পারে।
তাই এমন সমস্যা এড়াতে শিশু ও বয়স্কদের খাওয়ার সময় বাড়তি নজর রাখুন। প্রয়োজনে তাদের খাবারে ছোট ছোট হাড় আছে কিনা দেখে নিন। নিজে খাওয়ার সময় তাড়াহুড়ো না করে ধীরে ধীরে মাংস চিবিয়ে খান। তাহলেই অনাকাঙিক্ষত এমন বিপদ থেকে নিজে ও পরিবারের সদস্যরা সুরক্ষিত থাকবেন।
এবি/টিএ