দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত
০৬:৫৫ পিএম | ২৯ মে, ২০২৬
হঠাৎ আবহাওয়ার অবনতি এবং নদীপথে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ায় রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আজ শুক্রবার (২৯ মে) বিকেল ৫টা ৩০ মিনিট থেকে এই নির্দেশনা কার্যকর করা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এক জরুরি বার্তায় জানিয়েছে, বর্তমান আবহাওয়া পরিস্থিতি নৌচলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই অবস্থায় দুর্ঘটনা এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সদরঘাট থেকে কোনো যাত্রীবাহী লঞ্চ ছেড়ে যাবে না। এর পাশাপাশি, কর্তৃপক্ষ সব নদীবন্দরকে ২ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত মেনে চলার নির্দেশনা দিয়েছে।
ঢাকাসহ অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিএ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌযানের যাত্রী ও সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্কতায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে পরবর্তীতে লঞ্চ চলাচলের সময়সূচি জানিয়ে দেওয়া হবে বলে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।
এবি/টিএ