আলভারেজকে দলে টানতে বার্সার বড় অঙ্কের প্রস্তাব
ছবি: সংগৃহীত
০৮:৪২ পিএম | ২৯ মে, ২০২৬
আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে আলোচনা চলছে বার্সেলোনার। ইউরোপীয় গণমাধ্যমের সূত্রমতে, ২৬ বছর বয়সী এই স্ট্রাইকারকে দলে টানতে ইতোমধ্যে ১০ কোটি ইউরো মূল্যের একটি আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বার্সেলোনা।
চুক্তি সম্পন্ন করতে কাতালান ক্লাবটি হুয়ানমা লোপেজকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করছে। বার্সেলোনা ইতোমধ্যে আলভারেজের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে এবং অ্যাথলেটিকোর সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে যতটুকু জানা যাচ্ছে, অ্যাথলেটিকো তাদের এই ফরোয়ার্ডের জন্য আরও বেশি দলবদল ফি দাবি করছে।
ইউরোপীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, আলভারেজ নিজে বার্সেলোনায় যোগ দিতে বেশ আগ্রহী। ফলে তার পক্ষ থেকে দলবদল নিয়ে বেশ আগ্রহ দেখানো হতে পারে বলে ধারণা করা যাচ্ছে। দরদামে যদি কোনো ঝামেলা না হয় আগামী মৌসুমে বার্সেলোনায় দেখা যেতে পারে আর্জেন্টাইন তরুণ তারকাকে।

বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক এবং স্পোর্টিং ডিরেক্টর ডেকো—দুজনেরই বেশ পছন্দ আলভারেজের। মাসখানেক আগে ইউরোপিয়ান গণমাধ্যমে এসেছিল যে আগামী দলবদলে আলভারেজ বার্সার প্রধান লক্ষ্য। ক্লাবটি গত প্রায় এক বছর ধরে এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের ওপর কড়া নজর রাখছিল বলেও শোনা যাচ্ছে।
২০২৪ সালের আগস্টে প্রায় ৯ কোটি ৫০ লাখ ইউরোতে ম্যানচেস্টার সিটি থেকে অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছিলেন আলভারেজ। ক্লাবটির সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত তার চুক্তি রয়েছে।
ক্লাবটির হয়ে ৪৯ ম্যাচে ২০টি গোল করেছেন আলভারেজ। তবে লা লিগার (২৯ ম্যাচে ৮ গোল) চেয়ে চ্যাম্পিয়ন্স লিগেই (১৫ ম্যাচে ১০ গোল) বেশি উজ্জ্বল ছিলেন তিনি। এর আগে ২০২৪-২৫ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৭ ম্যাচে ২৯টি গোল করেছিলেন এই স্ট্রাইকার।
টিজে/টিএ