২০২২ সালের বিশ্বকাপজয়ী দলের যে খেলোয়াড়রা আছেন ২০২৬ বিশ্বকাপেও
ছবি: সংগৃহীত
১১:১৩ পিএম | ২৯ মে, ২০২৬
কাতার বিশ্বকাপে ৩৬ বছরের অপেক্ষা ঘুচিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। চার বছর পর সেই শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই ২০২৬ বিশ্বকাপের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। আর এবারের দলেও আস্থা রাখা হয়েছে ২০২২ সালের বিশ্বজয়ী দলের ১৭ ফুটবলারের ওপর।
আর্জেন্টিনার বিশ্বকাপ দলে যথারীতি আছেন অধিনায়ক লিওনেল মেসি। কাতার বিশ্বকাপের সেরা খেলোয়াড় এবারও দলকে নেতৃত্ব দেবেন। আছেন সেই আসরের সেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ এবং সেরা উদীয়মান ফুটবলার এনজো ফার্নান্দেজও।
এ ছাড়া ২০২২ সালের ফাইনালে শিরোপা নিশ্চিত করা পেনাল্টি নেওয়া গনজালো মন্তিয়েলও জায়গা ধরে রেখেছেন দলে। রক্ষণভাগে আছেন নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো, ক্রিস্তিয়ান রোমেরো, নাহুয়েল মলিনা ও লিসান্দ্রো মার্তিনেজ।
মাঝমাঠে স্কালোনির ভরসা রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, এক্সেকিয়েল পালাসিওস, অ্যালেক্সিস মাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ।

আক্রমণভাগে আছেন হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ ও থিয়াগো আলমাদা। সব মিলিয়ে কাতার বিশ্বকাপজয়ী দলের ১৭ জন ফুটবলারকে রেখেই দল সাজিয়েছেন স্কালোনি।
২০২২ সালে বিশ্বজয়ী যে ১৭ জন আছেন
এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, নিকোলাস তালিয়াফিকো, গনজালো মন্তিয়েল, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, এক্সেকিয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফের্নান্দেজ, হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, থিয়াগো আলমাদা ও লাউতারো মার্তিনেজ।
তবে বিশ্বজয়ী দলের কয়েকজন পরিচিত মুখ এবার নেই। তাদের মধ্যে সবচেয়ে বড় নাম আনহেল দি মারিয়া। ২০২৪ কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন তিনি। এছাড়া ফ্রাঙ্কো আরমানি আগেই বিদায় জানিয়েছেন জাতীয় দলকে।
এবার সুযোগ হয়নি ফ্রাঙ্কো আরমানি, হের্মান পেৎজেলা, হুয়ান ফয়েথ, মার্কোস আকুনইয়া, গিদো রদ্রিগেজ, আলেহান্দ্রো পাপু গোমেজ, আনহেল ডি মারিয়া, আনহেল কোররেয়া ও পাওলো দিবালা।
অন্যদিকে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন হুয়ান মুসো, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, ভালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, নিকো গঞ্জালেজ, জুলিয়ানো সিমিওনে, নিকো পাজ ও হোসে মানুয়েল লোপেস।
অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গড়া এই দল নিয়েই টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা।
একেএস/ টিএ