সূর্যবংশীকে ছাপিয়ে গুজরাটকে ফাইনালে তুললেন গিল
ছবি: সংগৃহীত
০৭:৫৮ এএম | ৩০ মে, ২০২৬
তুলনামূলকভাবে কঠিন পিচে টুর্নামেন্টের সেরা বোলিং আক্রমণের বিরুদ্ধে ৯৬ রানের অসাধারণ এক ইনিংস খেললেন বৈভব সূর্যবংশী। আইপিএলে চমৎকার ব্যাটিং মৌসুমকে আরও আকর্ষণীয় করে তুললেন। কিন্তু তার সেই ইনিংস রাজস্থান রয়্যালসকে ফাইনালে তুলতে পারেনি। গুজরাট টাইটান্স সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে যে কোনো নকআউট বা প্লেঅফে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে সাফল্য পাওয়ার দৃষ্টান্ত তৈরি করল।
ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারের পুনরাবৃত্তি হচ্ছে। তবে ম্যাচটি আহমেদাবাদে নিজেদের ঘরের মাঠে হওয়ায় এগিয়ে থাকবে গুজরাট। সূর্যবংশীর চলতি আইপিএল মৌসুম শেষ হলো ২৩৭.৩ স্ট্রাইক রেটে ৭৭৬ রান নিয়ে। এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৯৭ রানের পর আরেকবার সেঞ্চুরিবঞ্চিত হলেন এই ব্যাটার।

দারুণ সব শটে রাজস্থানকে ২১৪ রান এনে দেন সূর্যবংশী। তিনি দলের পক্ষে একাই লড়েছেন। কিন্তু গুজরাট জয়ের বন্দরে পৌঁছেছে শুভমান গিল ও সাই সুদর্শনের ব্যাটে চড়ে। দুজনে মিলে ১২.৫ ওভারে ১৬৭ রানের জুটি গড়েন। ৩২ বলে ৮ চার ও ১ ছয়ে ৫৮ রান করে থামেন সুদর্শন। তারপর ঝড়ো ইনিংসে দলকে জয়ের ভিত গড়ে দিয়ে মাঠ ছাড়েন গিল। গুজরাট অধিনায়ক ৫৩ বলে ১৫ চার ও ৩ ছয়ে ১০৪ রানে আউট হন। ১৮.৪ ওভারে ৩ উইকেটে ২১৯ রান করে সাবেক চ্যাম্পিয়নরা।
এর আগে সূর্যবংশী ৪৭ বলে ৮ চার ও ৭ ছয়ে ৯৬ রানের ইনিংস খেলে দিয়ে যান। রবীন্দ্র জাদেজার ৪৫ ও ডোনোভান ফেরেইরার ১১ বলে ৩৮ রানও দলকে ২০০ পার করতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
এমআই/এসএন