© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আর্সেনাল বনাম পিএসজি: ইউরোপ শ্রেষ্ঠত্বের ফয়সালা আজ

শেয়ার করুন:
আর্সেনাল বনাম পিএসজি: ইউরোপ শ্রেষ্ঠত্বের ফয়সালা আজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৯ এএম | ৩০ মে, ২০২৬
বিশ্বকাপের আবহে ক্লাব ফুটবল শেষে বেশির ভাগ খেলোয়াড় যখন অবকাশে কিংবা আন্তর্জাতিক মঞ্চে মনোযোগ দিয়েছেন, তখন সম্পূর্ণ ভিন্ন এক রোমাঞ্চ নিয়ে ক্ষণ গণনা করছেন পিএসজি ও আর্সেনালের ফুটবলাররা।

ক্লাব ফুটবলের চূড়ান্ত প্রাপ্তি হিসেবে বিবেচিত চ্যাম্পিয়নস লিগের মেগা ফাইনালে আজ রাত ১০টায় মুখোমুখি হচ্ছে এই দুই পরাশক্তি। নিজেদের ইতিহাসে সেরা সময় পার করতে থাকা পিএসজির সামনে যেখানে সুযোগ রয়েছে টানা দ্বিতীয়বার শিরোপা ধরে রাখার, সেখানে ২০ বছর পর দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠা আর্সেনালের আকাঙক্ষা ইউরোপ শ্রেষ্ঠত্বের প্রথম শিরোপা স্মারকটি ছুঁয়ে দেখার।

লম্বা সময় ধরে চ্যাম্পিয়নস লিগকে পাখির চোখ করা পিএসজি অতীতে নেইমার, এমবাপ্পে এবং লিওনেল মেসির মতো তারকাদের এনেও সাফল্যের দেখা পায়নি। তবে এই তিন মহাতারকার বিদায়ের পরই স্প্যানিশ কোচ লুইস এনরিকের অধীনে অবিশ্বাস্য এক দলে পরিণত হয় প্যারিসের ক্লাবটি এবং গত মৌসুমে নিজেদের প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতে নেয়। ইউরোপিয়ান ফুটবলে নিজেদের আধিপত্যের প্রমাণ দিয়ে এবার টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে তারা। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় আজ আর্সেনালকে হারাতে পারলে রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় ক্লাব হিসেবে চ্যাম্পিয়নস লিগে টানা দুটি শিরোপা জেতার কীর্তি গড়বে পিএসজি।



এই ম্যাচে দলটির তুরুপের তাস আক্রমণভাগের দুই তারকা উসমান দেম্বেলে ও খিচা কাভারাস্কেইয়া, যাঁরা সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে জোড়া গোল করেছিলেন।

অন্য দিকে, আর্সেনালের জন্য এটি ইতিহাসের পাতা নতুন করে সাজানোর রাত। পিএসজিকে হারাতে পারলেই ২২ বছর পর প্রিমিয়ার লিগ শিরোপা পুনরুদ্ধারের পর নিশ্চিত হবে ঐতিহাসিক 'ডাবল'। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে এমিরেটসে ১-০ এবং পার্ক দে প্রিন্সেসে ২-১ গোলে পিএসজির কাছে হেরেছিল গানার্সরা। তবে মাঝের এক বছরে মিকেল আরতেতার আর্সেনাল অনেক বদলে গেছে এবং প্রতিটি বিভাগই নতুনভাবে গড়ে উঠেছে। গত মৌসুমের ব্যাক ফোর থেকে সম্ভবত একমাত্র উইলিয়াম সালিবাই এবার একাদশে থাকবেন। মাঝমাঠে খেলা নিয়ন্ত্রণের জন্য আছেন ডেক্লান রাইস, মার্টিন জুবিমেন্দি ও মার্টিন ওডেগার্ড। সৃষ্টিশীল বিকল্প হিসেবে এবেরেচি এজে এবং উইংয়ে গতিময় ননি মাদুয়েকে যোগ হয়েছেন। আক্রমণভাগে গতবার চোটের কারণে না থাকা কাই হাভার্টজের সঙ্গে আছেন ভিক্টর ইয়োকেরেস এবং দলের অন্যতম সেরা তারকা বুকায়ো সাকা।

ফাইনালের আগে আর্সেনালের সঙ্গে তুলনা করে পিএসজি কোচ এনরিকে বলেছেন, তিনি মনে করেন না দুই দল বিপরীতধর্মী, বরং আর্সেনাল আসলে আরতেতার চিন্তা ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। অন্য দিকে আর্সেনাল তারকা হাভার্টজ নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে বলেছেন, তারা আন্ডারডগ কি না তা গুরুত্বপূর্ণ নয়, বরং তারা মাঠে নামবেন প্রতিপক্ষকে হারাতেই। দলে নতুন গভীরতা ও বৈচিত্র্য যোগ হওয়ায় গতবারের পরাজয়ের বদলা নেওয়ার স্বপ্ন দেখছে আর্সেনাল, আর পিএসজি চাইছে টানা দ্বিতীয়বার ট্রফি জিতে ইউরোপীয় ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব আরও জোরালোভাবে জানান দিতে। সব মিলিয়ে আজ রাতে একটি স্মরণীয় ফাইনালের অপেক্ষায় ফুটবল বিশ্ব।

এমআই/এসএন  

মন্তব্য করুন