ইউটিউবে বিনামূল্যে দেখা যাবে বিশ্বকাপ!
ছবি: সংগৃহীত
১০:০৫ পিএম | ৩০ মে, ২০২৬
আর মাত্র ১১ দিন পরেই শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। এরই মধ্যে বড় সুখবর পেলেন ফুটবলপ্রেমী দর্শকরা। আসন্ন এই আসরের ১০৪টি ম্যাচের সবকটিই একদম বিনামূল্যে (ফ্রি) সরাসরি দেখা যাবে ইউটিউবে! আর এই অবিশ্বাস্য উদ্যোগের পেছনে জড়িয়ে আছে পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর নাম।
এবারের বিশ্বকাপের সব ম্যাচ বিনামূল্যে সরাসরি সম্প্রচার করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে রোনালদোর বড় অঙ্কের বিনিয়োগ করা একটি ইউটিউব চ্যানেল। তবে এই দারুণ খবরের মাঝেও উপমহাদেশের দর্শকদের জন্য রয়েছে একটি বড় ‘কিন্তু’।
সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর খেলা ক্রিস্টিয়ানো রোনালদো সম্প্রতি ব্রাজিলের জনপ্রিয় স্পোর্টস মিডিয়া কোম্পানি ‘লাইভমোড’-এ বড় অঙ্কের বিনিয়োগ করেছেন। এই লাইভমোডের সঙ্গেই যৌথ অংশীদারত্বে কাজ করে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কেজটিভি’। এই ইউটিউব চ্যানেলটিই মূলত এবারের বিশ্বকাপের সব ম্যাচ কোনো টাকা ছাড়াই সরাসরি দেখাবে।
ব্রাজিলের বিখ্যাত ইউটিউবার ও স্ট্রিমার কাসিমিরো মিগুয়েল ২০২২ সালে এই কেজটিভি চালু করেন। সে বছর কাতার বিশ্বকাপের কিছু নির্বাচিত ম্যাচ দেখিয়ে তারা ব্যাপক সাড়া ফেলেছিল। এরপর ফিফা নারী বিশ্বকাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ এবং অলিম্পিকের মতো মেগা টুর্নামেন্টগুলোও সফলভাবে সরাসরি সম্প্রচার করেছে এই প্ল্যাটফর্ম।
উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপের জন্য আরও বড় পরিকল্পনা হাতে নিয়েছে কেজটিভি। তারা দর্শকদের সম্পূর্ণ নিখুঁত ও হাই-কোয়ালিটি অর্থাৎ ফোরকে (4K) রেজোলিউশনে ম্যাচগুলো দেখার সুবিধা দেবে। শুধু মাঠের খেলাই নয়, ফুটবলারদের পর্দার পেছনের নানামুখী দৃশ্য, বিভিন্ন দেশের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লাইভ চ্যাটিং বা ইন্টারঅ্যাক্টিভ সেশনেরও আয়োজন করবে তারা।
ইউটিউবে খেলা দেখার এই মহোৎসবের খবরটি যতটা আনন্দের, উপমহাদেশের দর্শকদের জন্য তা ততটাই হতাশার। কারণ, বাংলাদেশ বা ভারতের ফুটবল ভক্তরা নিজেদের ইউটিউব কিংবা টুইচ অ্যাপ থেকে এই চ্যানেলে ঢুকলেও সরাসরি ম্যাচগুলো দেখতে পারবেন না। কেজটিভি ও এর মূল সংস্থা লাইভমোড কেবল ব্রাজিল অঞ্চলের জন্য এই ডিজিটাল সম্প্রচার স্বত্ব (ব্রডকাস্ট রাইটস) কিনেছে। ফলে ব্রাজিল ছাড়া বিশ্বের অন্য সব দেশের জন্য এই চ্যানেলের লাইভ স্ট্রিমিং পুরোপুরি ‘লক’ করা থাকবে।
বাংলাদেশ ও ভারতের দর্শকদের আপাতত টিভির অফিসিয়াল ঘোষণার জন্যই অপেক্ষা করতে হচ্ছে। তবে জানা গেছে, ভারতে বিশ্বকাপ ম্যাচগুলো সম্প্রচারের দৌড়ে এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে আছে ‘জি’ নেটওয়ার্ক। সবকিছু ঠিক থাকলে তারা তাদের স্পোর্টস চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্ম ‘জিফাইভ’ অ্যাপের মাধ্যমে ম্যাচগুলো সরাসরি দেখাতে পারে।
আরআই/টিএ