© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফুটবল বিশ্বকাপ ঘিরে মার্কিন রেস্তোরাঁর বিলে যুক্ত হতে পারে ‘বাধ্যতামূলক বকশিশ’

শেয়ার করুন:
ফুটবল বিশ্বকাপ ঘিরে মার্কিন রেস্তোরাঁর বিলে যুক্ত হতে পারে ‘বাধ্যতামূলক বকশিশ’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০৭ পিএম | ৩০ মে, ২০২৬
যুক্তরাষ্ট্রের যেসব শহরে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, সেসব শহরের অনেক রেস্তোরাঁ মালিক বিলের সঙ্গে বাধ্যতামূলক টিপস (বকশিশ) যোগ করার পরিকল্পনা করছেন। তারা বলছেন, আন্তর্জাতিক দর্শনার্থীরা যুক্তরাষ্ট্রের টিপস দেয়ার সংস্কৃতির সঙ্গে পরিচিত নন, ফলে রেস্তোরাঁ কর্মীরা প্রত্যাশিত আয়ের একটি অংশ থেকে বঞ্চিত হতে পারেন।

প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁ শিল্পে কর্মীদের আয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ এই বকশিশ। অধিকাংশ ওয়েটার ও বারটেন্ডার ন্যূনতম মজুরির চেয়েও কম বেতন পান এবং আয়ের ঘাটতি পূরণে টিপসের ওপরই নির্ভর করেন।

জানা যায়, বিশ্বকাপ উপলক্ষে লাখো বিদেশি দর্শনার্থীর আগমনের প্রত্যাশায় কিছু রেস্তোরাঁ টিপসকে খাবারের মোট মূল্যের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করছে, যাতে কর্মীদের পারিশ্রমিক নিশ্চিত করা যায়। তবে এই সিদ্ধান্ত এমন সময়ে নেয়া হচ্ছে, যখন ফুটবল সমর্থকদের ইতোমধ্যেই বিমানভাড়া, হোটেল, ম্যাচের টিকিট এবং যাতায়াত খরচের মতো ব্যয়বহুল খরচ বহন করতে হচ্ছে।

জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় অবস্থিত টি’স ব্রাঞ্চ বার তাদের বিদ্যমান স্বয়ংক্রিয় ১৮ শতাংশ গ্র্যাচুইটি বাড়িয়ে ২০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে।

রেস্তোরাঁটির মালিক টেনেশিয়া মুরে বাটলার স্থানীয় সংবাদমাধ্যম ফক্স ৫ আটলান্টাকে বলেন,
বিভিন্ন দেশের মানুষের সংস্কৃতি ভিন্ন। এতে খারাপ কিছু নেই, তবে অনেকেই টিপস দেন না। অনেক দেশে টিপস দেয়ার প্রচলন নেই, তাই তারা টিপস দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না।

শুধু আটলান্টা নয়, বিশ্বকাপের আয়োজক অন্য শহরগুলোর রেস্তোরাঁগুলোও একই ধরনের পদক্ষেপ বিবেচনা করছে। ম্যাসাচুসেটসের বোস্টনে কিছু ব্যবসা প্রতিষ্ঠান গ্রাহকদের চূড়ান্ত বিলের সঙ্গে বাধ্যতামূলক ২০ শতাংশ টিপস যোগ করার প্রস্তাব দিয়েছে।

ইতালীয় রেস্তোরাঁ ডেভিও’সের মালিক এবং ম্যাসাচুসেটস রেস্তোরাঁ অ্যাসোসিয়েশনের বোর্ড সদস্য স্টিভ ডিফিলিপ্পো স্থানীয় সংবাদমাধ্যম এনবিসি ১০ বোস্টনকে জানান, রেস্তোরাঁগুলো তাদের মেন্যুতে বিশেষ বার্তা যুক্ত করে এই নীতিগত পরিবর্তনের বিষয়ে গ্রাহকদের আগাম অবহিত করবে।

তিনি বলেন, ‘আমাদের ওয়েটার ও বারটেন্ডাররাই এই শিল্পের প্রাণ। আমরা কখনোই চাই না তারা ক্ষতিগ্রস্ত হোক।’



তবে সবাই এ উদ্যোগের পক্ষে নন। ম্যাসাচুসেটসের ম্যানসফিল্ডে অবস্থিত জিমি’স পাব অ্যান্ড রেস্টুরেন্টের মালিক জর্জ প্যান্টোস বাধ্যতামূলক সার্ভিস চার্জ আরোপের বিরোধিতা করেন। এনবিসি ১০–কে প্যান্টোস বলেন, তিনি বরং দর্শনার্থীদের টিপস দেয়ার বিষয়ে স্মরণ করিয়ে দিতে সাইনবোর্ড টানাতে আগ্রহী এবং বিশ্বাস করেন, অধিকাংশ মানুষ স্বেচ্ছায় টিপস দেবেন।

তিনি আরও বলেন, ‘আমরা যতটা ব্যস্ত হওয়ার আশা করছি, তা যদি সত্যি হয়, তাহলে এটা কোনো সমস্যা হবে না।’

কর্মীদের স্বার্থ রক্ষার একই যুক্তিতে মিসৌরির কানসাস সিটিতেও বাধ্যতামূলক টিপস চালুর পক্ষে আলোচনা চলছে।

মিসৌরি রেস্তোরাঁ অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মাইক বারিস স্থানীয় সংবাদপত্র কানসাস সিটি বিকন-কে বলেন, ছয় সপ্তাহব্যাপী টুর্নামেন্ট চলাকালে রেস্তোরাঁগুলোকে গ্রাহকদের বিলের সঙ্গে বাধ্যতামূলক টিপস যুক্ত করার পরামর্শ দেয়া হচ্ছে।

তিনি বলেন,
আমি যদি একজন সার্ভার হতাম, তাহলে ৯০ মিনিট ধরে কাউকে সেবা দেয়ার পর শুধু তারা (গ্রাহক) নিয়মটা জানত না বলে কোনো টিপস না পেলে নিশ্চয়ই খুশি হতাম না।

যদিও বাধ্যতামূলক টিপস নীতিগুলো সাময়িকভাবে কার্যকর করার কথা ভাবা হচ্ছে, তবে তা এমন সময়ে চালু হতে পারে যখন যুক্তরাষ্ট্রের সাধারণ ভোক্তারাও বাড়তি ব্যয়ের চাপে রয়েছেন। খাদ্যবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান টেকনোমিকের সিনিয়র প্রিন্সিপাল ডেভিড হেঙ্কস ফক্স নিউজ ডিজিটালকে বলেন, টিপস বাধ্যতামূলক করা হলে আয়োজক শহরগুলোর স্থানীয় বাসিন্দাদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিতে পারে।

সূত্র: ইনডিপেনডেন্ট

টিজে/টিএ 

মন্তব্য করুন