© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঝালকাঠিতে এনসিপির জেলা আহ্বায়কের পদত্যাগ

শেয়ার করুন:
ঝালকাঠিতে এনসিপির জেলা আহ্বায়কের পদত্যাগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৯ এএম | ০১ জুন, ২০২৬
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠি জেলা কমিটির আহ্বায়ক মো. মাইনুল ইসলাম মান্না পদত্যাগের আবেদন করেছেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি গত ২৩ মে কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র জমা দেন। তবে এক সপ্তাহের বেশি সময় পার হলেও পদত্যাগপত্র গ্রহণ না হওয়ায় বিষয়টি তিনি গতকাল সোমবার (৩১ মে) রাত ১০টার দিকে তার ফেসবুক আইডিতে পোস্ট করে প্রকাশ্যে এনেছেন।

মো. মাইনুল ইসলাম মান্না পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বলেন, “গত ২৩ মে আমি ১১ দলীয় জোটের সংরক্ষিত আসনের এমপি ডা. মাহামুদা আলম মিতুকে ঝালকাঠিতে বসে আমার পদত্যাগের বিষয়টি অবহিত করি।

এছাড়া বরিশাল বিভাগীয় আহ্বায়ককেও বিষয়টি জানানো হয়। কিন্তু আমি অব্যাহতিপত্র দেওয়ার এক সপ্তাহ পার হলেও কেন্দ্রীয় কমিটি আমার অব্যাহতিপত্র গ্রহণ না করায় বিষয়টি প্রকাশ্যে আনলাম।”

তিনি বলেন, “ঝালকাঠি জেলা এনসিপির আহ্বায়ক পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত একান্তই আমার ব্যক্তিগত। কারও কোনো চাপ, জোর-জবরদস্তি কিংবা প্রভাবের কারণে আমি এ সিদ্ধান্ত নিইনি। আমি শুধুমাত্র আহ্বায়ক পদ থেকে পদত্যাগ চেয়েছি। কিন্তু দলের সঙ্গে আছি।

পদত্যাগপত্রে মাইনুল ইসলাম মান্না উল্লেখ করেন, ব্যক্তিগত ও পারিবারিক কিছু সমস্যার কারণে তিনি ঝালকাঠি জেলা আহ্বায়কের দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিতে ইচ্ছুক। একই সঙ্গে তিনি দলের আদর্শ ও কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভবিষ্যতেও দলের কল্যাণ কামনা করেন।

উল্লেখ্য, গত বছরের ৪ জানুয়ারি জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর স্বাক্ষরে ছয় মাস মেয়াদি ঝালকাঠি জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। ওই কমিটির আহ্বায়কের দায়িত্বে ছিলেন মো. মাইনুল ইসলাম মান্না।

এমআই/এসএন  

মন্তব্য করুন