এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যু নিয়ে কোনো আলোচনা চলছে না: বাঘাই
ছবি: সংগৃহীত
০২:৫১ পিএম | ০১ জুন, ২০২৬
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যু নিয়ে কোনো আলোচনা চলছে না।
এএফপি ও ইরানি সংবাদমাধ্যম তাসনিমের বরাতে তিনি জানান, বর্তমান সময়ে পারমাণবিক বিষয় নিয়ে কোনো ধরনের আলোচনাই হয়নি।
তিনি আরও জানান, কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার বিষয়ে যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়।
বিশ্লেষকদের মতে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক ইস্যু ঘিরে দীর্ঘদিন ধরেই অনাস্থা ও টানাপোড়েন চলছে, যার ফলে আনুষ্ঠানিক আলোচনা বারবার অনিশ্চয়তার মুখে পড়ছে।
এদিকে, ইরানের গোরুক শহর এবং কেশম দ্বীপে থাকা রাডার ও ড্রোন ঘাঁটিতে আত্মরক্ষামূলক হামলা চালানোর কথা জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, আন্তর্জাতিক জলসীমায় একটি 'এমকিউ-১' রিপার ড্রোন ভূপাতিত করাসহ ইরানকে কড়া জবাব দিতেই এই হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
অন্যদিকে, ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগানের সিরিক দ্বীপে টেলিকম টাওয়ারে হামলার জবাবে একটি বিমানঘাঁটিতে পাল্টা আঘাত হানার দাবি করেছে ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।
এক বিবৃতিতে আইআরজিসি জানায়, এক ঘণ্টা আগে হরমোজগান প্রদেশের সিরিক দ্বীপে একটি যোগাযোগ টাওয়ারে মার্কিন সেনাবাহিনীর আগ্রাসনের পর, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের ফাইটারগুলো সেই বিমানঘাঁটিতে আঘাত হেনেছে, যেখান থেকে ওই হামলাটি চালানো হয়েছিল। এতে তাদের পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুগুলো ধ্বংস হয়েছে। তবে, আইআরজিসি ওই বিমানঘাঁটির সুনির্দিষ্ট অবস্থান জানায়নি।
এফআর/এসএন