মেসিদের গ্রুপে থাকা আলজেরিয়ার বিশ্বকাপ দলে জিদানের ছেলে
ছবি: সংগৃহীত
০২:৫৩ পিএম | ০১ জুন, ২০২৬
বিশ্বকাপের ‘জে’ গ্রুপে পড়েছে আলজেরিয়া। এই গ্রুপের বাকি দলগুলো হলো আর্জেন্টিনা, অস্ট্রিয়া এবং জর্ডান। বিশ্বকাপকে সামনে রেখে এবার ২৬ সদস্যের চূড়ান্ত দল দিয়েছে লিওনেল মেসিদের গ্রুপে থাকা আলজেরিয়া। যে দলে জায়গা পেয়েছেন ফ্রান্সের কিংবদন্তি এবং বিশ্বকাপজয়ী ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান।
বিশ্বকাপ দল ঘোষণায় অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়েছেন আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচ। অধিনায়ক রিয়াদ মাহরেজের পাশাপাশি রাখা হয়েছে জাতীয় দলের হয়ে সর্বাধিক ম্যাচ খেলা ডিফেন্ডার এইসা মান্দি এবং মিডফিল্ডার নাবিল বেনতালেবকে। চোটের কারণে আন্তর্জাতিক ক্যারিয়ারে দীর্ঘ বিরতির পর আবারও বিশ্বকাপ দলে ফিরেছেন তিনি।

বিশ্বকাপ দলে জায়গা পাওয়া লুকার অন্তর্ভুক্তি বিশেষভাবে আলোচনায় এসেছে। গত এপ্রিলে স্প্যানিশ ক্লাব গ্রানাডার হয়ে খেলতে গিয়ে থুতনি ও চোয়ালে গুরুতর চোট পেয়েছিলেন এই গোলরক্ষক। এরপরও তাঁকে বিশ্বকাপ দলে রেখেছেন পেতকোভিচ। গত অক্টোবর আলজেরিয়ার জার্সিতে অভিষেকের পর এখন পর্যন্ত ছয়টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন লুকা। গোলরক্ষক হিসেবে আরও আছেন উসামা বেনবত ও মেলভিন মাস্তিল।
চোট কাটিয়ে দলে ফিরেছেন আক্রমণভাগের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় হুসেম আওয়ার এবং আমিন গুইরি। চোটের কারণে তাঁরা দুজনই আফ্রিকা কাপ অব নেশনস মিস করেছিলেন। এই দুজনের প্রত্যাবর্তনে বিশ্বকাপের আগে স্বস্তি পেয়েছে আলজেরিয়া। জার্মানির কাছে হেরে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল দলটি। এরপর দীর্ঘ অপেক্ষার পর এবারই প্রথমবার বিশ্বকাপের মূল পর্বে খেলতে যাচ্ছে উত্তর আফ্রিকার দেশটি।
বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আলজেরিয়া। ৩ জুন তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ১০ জুন মাঠে নামবে বলিভিয়ার বিপক্ষে। এরপর ১৭ জুন কানসাস সিটিতে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে দলটির বিশ্বকাপ অভিযান।
এমআই/এসএন