বেনাপোল সীমান্তে বিএসএফের পুশইন করা ১০-১২ জন নারী-পুরুষের শূন্যরেখায় অবস্থান
ছবি: সংগৃহীত
০৩:৩৩ পিএম | ০১ জুন, ২০২৬
সাতক্ষীরা সীমান্তের পর এবার বেনাপোল সীমান্ত দিয়ে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে একদল মানুষকে জোরপূর্বক পুশইনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভারতের উত্তর চব্বিশ পরগণা জেলার বনগাঁ থানার জয়ন্তীপুর সীমান্তের বিপরীতে বেনাপোলের সাদীপুর সীমান্ত এলাকায় এ চেষ্টা চালানো হয়।
বিএসএফ রোববার (৩১ মে) দিবাগত গভীররাতে সেখানে কাঁটাতারের গেটখুলে অন্তত ১০-১২ জনকে এপারে পুশইন করে। তবে বিজিবি ঘটনাটি জানতে পেরে তা প্রতিহত করে। বিএসএফের পুশইন এসব নারী-পুরুষ-শিশু বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামের বোম্বেতলা খড়ের মাঠে জিরো লাইনে ভারত ভুখন্ডে অবস্থান করছেন।
বিজিবি'র যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, বিএসএফের পুশইন করা ১০ জন নারী-পুরুষ ও শিশু বেনাপোল সীমান্তের সাদিপুর মাঠের ভারত-বাংলাদেশের জিরো লাইনে অবস্থান করছে। বিষয়টি সমাধানের জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি সমাধানের জন্য বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।
স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, গত শনিবার সন্ধ্যায় কয়েকটি ট্রাকযোগ অতিরিক্ত ফোর্সসহ বিএসএফ ১০-১২ জন মানুষকে সীমান্তে নিয়ে আসে।
প্রথমেই তারা বেনাপোল সাদিপুর-রঘুনাথপুর সীমান্তের বিপরীতে ভারতের জয়ন্তীপুর সীমান্ত দিয়ে ওই মানুষদেরকে এপারে ঠেলে পাঠানোর চেষ্টা করে। বিজিবির ভূমিকায় তা ব্যর্থ হলে রাতভর আশেপাশের বেশ কয়েকটি কাঁটাতারের গেট খুলে তাদেরকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ।
যখন যে গেট দিয়ে ঠেলে পাঠানোর চেষ্টা করে আগেই সেখানকার সীমান্তের সার্চলাইট বন্ধ করে দেয়া হয়। তবে বিজেপি সতর্ক থাকায় চেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে রাত তিনটার দিকে গেটের এপারে ঠেলে পাঠালেও লোকগুলো এখনও ভারত ভূখণ্ডেই অবস্থান করছে।
এদিকে, এ ঘটনার পর বেনাপোলসহ আশেপাশের সীমান্তে বিজিবি জনবল ও সতর্কতা বাড়িয়েছে বলে জানা গেছে।
এসকে/টিকে