© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অবসরের ঘোষণা দিলেন প্রিমিয়ার লিগের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডের মালিক

শেয়ার করুন:
অবসরের ঘোষণা দিলেন প্রিমিয়ার লিগের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডের মালিক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২০ পিএম | ০১ জুন, ২০২৬
ইংলিশ প্রিমিয়ার লিগে দীর্ঘ ২৪ বছরের ক্যারিয়ারের ইতি টেনে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন জেমস মিলনার।

৪০ বছর বয়সী মিলনার গত ৩ মৌসুম ধরে ব্রাইটনের হয়ে খেলেছেন। ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন তিনি। ইংল্যান্ডের শীর্ষ লিগে ছয়টি ভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন এই বহুমুখী মিডফিল্ডার ও ডিফেন্ডার । চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড গড়েন।

মিলনার পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন লিডস ইউনাইটেডে। পরে তিনি ম্যানচেস্টার সিটির হয়ে দুটি এবং লিভারপুলের হয়ে একটি প্রিমিয়ার লিগের শিরোপা জেতেন। এছাড়া ২০১৯ সালে লিভারপুলের হয়ে জিতেছিলেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও।

২০০৯ সালে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে অভিষেক হয় মিলনারের। জাতীয় দলের জার্সিতে তিনি ৬১টি ম্যাচ খেলেছেন, গোল করেছেন ১টি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মিলনার বলেন, 'টিকে থাকার লড়াই থেকে শুরু করে ট্রফি জয়, ইউরোপীয় প্রতিযোগিতায় খেলা এবং দুটি ইউরো ও দুটি বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করা, অসংখ্য অবিস্মরণীয় মুহূর্তের অংশ হতে পেরেছি।'

তিনি আরও বলেন, 'তবে সবকিছুর চেয়ে বেশি, ফুটবল আমাকে যেসব মানুষ ও বন্ধুত্ব উপহার দিয়েছে, সেগুলোই আমি সবচেয়ে বেশি মনে রাখব।'

লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন মিলনার।



২০০২ সালের নভেম্বরে মাত্র ১৬ বছর বয়সে লিডস ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগে অভিষেক হয় মিলনারের। সে সময় তিনি ছিলেন লিগ ইতিহাসের দ্বিতীয় সর্বকনিষ্ঠ অভিষিক্ত খেলোয়াড়। পরের মাসেই প্রিমিয়ার লিগের সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়েন, যদিও বর্তমানে সেই তালিকায় তিনি তৃতীয় স্থানে রয়েছেন।

চোটের কারণে ২০২৪-২৫ মৌসুমের বেশিরভাগ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। তবে ২০২৫-২৬ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২২টি ম্যাচ খেলেন। ব্রাইটনের হয়ে মৌসুমের শেষ ম্যাচটি তার ৬৫৮তম ও শেষ প্রিমিয়ার লিগ ম্যাচ।

মিলনার বলেন, '১৬ বছর বয়সে আমার প্রিয় ক্লাব লিডস ইউনাইটেডের হয়ে অভিষেক এবং প্রিমিয়ার লিগের সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার পরও আমি কল্পনা করতে পারিনি এত দীর্ঘ পথ পাড়ি দেব। গত বছর এমন অবস্থায় ছিলাম যে পা পর্যন্ত তুলতে পারছিলাম না, অথচ ৪০ বছর বয়সে ফিরে এসে ব্রাইটনকে তাদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা করে দিতে সাহায্য করেছি।'

২০০৪ সালে লিডস ইউনাইটেড অবনমিত হওয়ার পর তিনি যোগ দেন নিউক্যাসল ইউনাইটেডে। এরপর ২০০৮ সালে অ্যাস্টন ভিলা এবং ২০১০ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন। সিটির হয়ে ২০১২ ও ২০১৪ সালে ক্লাবটির প্রথম দুটি প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের অংশ ছিলেন।

২০১৫ সালে লিভারপুলে যোগ দিয়ে আট মৌসুম খেলেন। এই সময়ে ৩৩২ ম্যাচে ২৬টি গোল করেন। ২০২০ সালে লিভারপুলের ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া সিটি ও লিভারপুল দুই ক্লাবের হয়েই এফএ কাপ এবং ইএফএল কাপ জিতেছেন।

বিদায়ী বার্তায় মিলনার বলেন, 'আমি অপরিসীম গর্ব, কৃতজ্ঞতা এবং আজীবন মনে রাখার মতো স্মৃতি নিয়ে ফুটবলকে বিদায় জানাচ্ছি। ফুটবল আমাকে কল্পনার চেয়েও অনেক বেশি কিছু দিয়েছে এবং সেই সুযোগগুলোর জন্য আমি সবসময় কৃতজ্ঞ থাকব। এই যাত্রার অংশ হওয়া সবাইকে ধন্যবাদ।'

টিজে/টিকে 

মন্তব্য করুন