© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিয়ের কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার দুর্ঘটনায় পাইলটের মৃত্যু

শেয়ার করুন:
বিয়ের কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার দুর্ঘটনায় পাইলটের মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৯ পিএম | ০১ জুন, ২০২৬
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে বিয়ের মাত্র কয়েক ঘণ্টা পর এক ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ২৬ বছর বয়সী তরুণ পাইলট ডেভ ফিজি। হানিমুনে যাওয়ার পথে জর্জিয়ার ডসনভিল বিবাহ বাসরস্থলের কাছেই তাদের বহনকারী রবিনসন আর-৬৬ (Robinson R66) হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় হেলিকপ্টারটির পাইলটও নিহত হয়েছেন। তবে অলৌকিকভাবে বেঁচে গেছেন ডেভের নববিবাহিতা স্ত্রী জেসনি।

পেশায় ডেল্টা এয়ারলাইন্সের ফার্স্ট অফিসার ডেভ ফিজির পরিবার মূলত ভারতের কেরালার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার ডসনভিলের 'দ্য রিভায়ার'-এ জেসনির সঙ্গে ডেভের জাঁকজমকপূর্ণ বিয়ে সম্পন্ন হয়, যেখানে প্রায় ৪০০ অতিথি উপস্থিত ছিলেন। বিয়ের আনুষ্ঠানিকতা ও রিসেপশন শেষে নবদম্পতিকে ডাউনটাউন আটলান্টার একটি হোটেলে পৌঁছে দিতে হেলিকপ্টারটির বুকিং করা হয়েছিল। ডেকাব-পিচট্রি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার পরপরই ডসন কাউন্টির মাউন্ট ভার্নন ড্রাইভের কাছে একটি প্রত্যন্ত বনাঞ্চল এলাকায় হেলিকপ্টারটি আছড়ে পড়ে।

ডেভের বাবা জর্জ ফিজি জানান, ঘন বনাঞ্চল হওয়ায় দুর্ঘটনাস্থল খুঁজে পেতে উদ্ধারকারীদের বেশ বেগ পেতে হয়েছিল। পেশায় নার্স জেসনি প্রায় ছয় ঘণ্টা ধরে দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারের ধ্বংসস্তূপের ভেতরে আশঙ্কাজনক অবস্থায় আটকা ছিলেন। পরে উদ্ধারকারীরা তাকে উদ্ধার করে আটলান্টার একটি হাসপাতালে ভর্তি করেন। জেসনি জানিয়েছেন, জ্ঞান ফেরার পর তিনি ডেভকে নিথর অবস্থায় পাশে পড়ে থাকতে দেখেন এবং নার্স হওয়ায় তখনই বুঝতে পারেন যে ডেভ আর বেঁচে নেই।

এদিকে দুর্ঘটনার পেছনে বৈরী আবহাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ডেভের বাবা জানান, নিজে একজন বাণিজ্যিক পাইলট হওয়ায় উড্ডয়নের আগেই কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ও শূন্য দৃশ্যমানতা (Zero Visibility) নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ডেভ। তিনি চালককে উড্ডয়ন না করার পরামর্শ দিলেও হেলিকপ্টারের পাইলট বেশি উচ্চতা দিয়ে উড়ে যাওয়ার আশ্বাস দিয়ে যাত্রা শুরু করেছিলেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) এই বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

সূত্র: এনডিটিভি

টিজে/টিকে 

মন্তব্য করুন