মেক্সিকোর স্কোয়াড ঘোষণামেসি-রোনালদোর মতো ইতিহাস গড়ার অপেক্ষায় ওচোয়া
ছবি: সংগৃহীত
০৭:১৭ পিএম | ০১ জুন, ২০২৬
বিশ্বফুটবলে এমন একজন ‘দৈত্য’ আছেন, যার ঘুম ভাঙে প্রতি চার বছর অন্তর বিশ্বকাপ এলে। মেক্সিকান গোলরক্ষক গুইলের্মে ওচোয়া ফুটবল ইতিহাসের এক রহস্যময় চরিত্র, যার নামটা বিশ্বকাপ এলেই আলোচনায় আসতে বাধ্য। আরও একটি বিশ্বকাপ যখন দুয়ারে কড়া নাড়ছে, তখন ফের খবরের শিরোনামে এই মেক্সিকান গোলরক্ষক। আসন্ন বিশ্বকাপে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে এক অনন্য ইতিহাস গড়তে চলেছেন ওচোয়া।
সোমবার (১ জুন) আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে সহ-আয়োজক মেক্সিকো। প্রধান কোচ হাভিয়ের আগুইরের ঘোষিত এই দলে ডাক পেয়ে ইতিহাস গড়েছেন বর্ষীয়ান গোলরক্ষক গুইলের্মে ওচোয়া। ষষ্ঠবারের মতো ফুটবলের এই মহাযজ্ঞে অংশ নিতে যাচ্ছেন ৪০ বছর বয়সী এই তারকা। চলতি বিশ্বকাপ দুই কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোরও ষষ্ঠ বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের ইতিহাসে এই তিন ফুটবলার ছাড়া আর কারোরই এই অবিশ্বাস্য কীর্তি নেই। তবে মেসি ও রোনালদো নিজ নিজ দলের একাদশে অটোচয়েজ হলেও, ওচোয়া সাম্প্রতিক সময়ে কোচের প্রথম পছন্দের গোলরক্ষক না থাকায় এবার খুব বেশি গেম টাইম নাও পেতে পারেন। ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে প্রথমবার মেক্সিকোর স্কোয়াডে ছিলেন তিনি, এরপর প্রতিটি বিশ্বকাপেই মেক্সিকোর গোলপোস্টের দায়িত্ব ওচোয়া।
ঘোষিত এই স্কোয়াডে জায়গা পেয়েছেন প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যামের অভিজ্ঞ ফরোয়ার্ড রাউল হিমিনেজ এবং ইতালির জায়ান্ট এসি মিলানের স্ট্রাইকার সান্তিয়াগো হিমিনেজ। স্কোয়াডে আরও আছেন স্পেনে জন্ম নেওয়া মিডফিল্ডার আলভারো ফিদালগো এবং কলম্বিয়ায় জন্ম নেওয়া ফরোয়ার্ড হুলিয়ান কুইনোনেস। এদিকে, ১৭ বছর বয়সী প্রতিভাবান মিডফিল্ডার গিলবার্তো মোরা বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেয়ে চমক দেখিয়েছেন। তিনি বিশ্বকাপে মেক্সিকোর ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হতে যাচ্ছেন।

কোচ হাভিয়ের আগুইরে এবার নিয়ে তৃতীয়বার বিশ্বকাপে মেক্সিকোর ডাগআউটে দাঁড়াতে যাচ্ছেন। এর আগে ২০০২ এবং ২০১০ সালেও তার অধীনেই বিশ্বকাপে অংশ নিয়েছিল মেক্সিকো এবং দুবারই দল গ্রুপ পর্ব পার হতে সমর্থ হয়। তবে এবার সহ-স্বাগতিকদের লক্ষ্য নিজেদের সেরা সাফল্য (১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল) ছাড়িয়ে যাওয়া।
আসন্ন বিশ্বকাপে মেক্সিকো খেলবে গ্রুপ 'এ'তে, যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র। আগামী ১১ জুন ঐতিহ্যবাহী অ্যাজটেকা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে মেক্সিকো। এরপর ১৯ জুন দক্ষিণ কোরিয়া এবং ২৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে লড়বে তারা।
মেক্সিকোর বিশ্বকাপ স্কোয়াড রয়েছে গোলরক্ষক রাউল র্যাঙ্গেল (গুয়াদালাহারা), গুইলের্মে ওচোয়া (এইএল লিমাসল) ও কার্লোস আসেভেদো (সান্তোস লাগুনা)।
ডিফেন্ডার রয়েছে ইসরায়েল রেইয়েস (আমেরিকা), হোর্হে সানচেজ (পিএওকে), সিজার মন্তেস (লোকমেটিভ মস্কো), ইয়োহান ভাসকেজ (জেনোয়া), হেসুস গালার্দো (তলুকা) ও মাতেও শাভেজ (আলকামার)।
মিডফিল্ডার এডসন আলভারেজ (ওয়েস্টহ্যাম), লুইস রোমো (গুয়াদালাহারা), ওবেদ ভার্গাস (অ্যাতলেটিকো মাদ্রিদ), ব্রায়ান গুতিয়েরেজ (গুয়াদালাহারা), ওরবেলিন পিয়েন্দা (এইকে এথেন্স), এরিক লিরা (ক্রুজ আজুল), গিলবার্তো মোরা (তিহুয়ানা), সিজার ওয়েয়াতা (আন্ডারলেখট), আলভারো ফিদালগো (রিয়াল বেতিস) এবং লুইস শাভেজ (ডায়নামো মস্কো)।
ফরোয়ার্ড রয়েছে রবার্তো আলভারাদো (গুয়াদালাহারা), আলেক্সিস ভেগা (তলুকা), হুলিয়ান কুইনোনেস (আল কাদসিয়া), সান্তিয়াগো হিমিনেজ (এসি মিলান), গুইলের্মো মার্তিনেজ (পুমাস), আরমান্দো গঞ্জালেস (গুয়াদালাহারা) এবং রাউল হিমিনেজ।
টিজে/টিকে